ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলনে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার ও কোচ গ্যারেথ সাউথগেট
ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলনে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার ও কোচ গ্যারেথ সাউথগেট

যুক্তরাষ্ট্রের কাছে সেই হারের ‘বদলা’ কি নিতে পারবে ইংল্যান্ড

প্রশ্নটা ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট সংবাদ সম্মেলনে নিজেই করেছেন, ‘বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের হেড টু হেড রেকর্ডটা কী?’ উত্তরের আশায় বসে না থেকে নিজেই বললেন, রেকর্ড খুব সুবিধার নয়। ইংল্যান্ড কখনোই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারেনি।

বিশ্বকাপে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র নিয়মিত মুখোমুখি হয়, তা নয়। এই দুই দল বিশ্বকাপের ইতিহাসে দুবার মুখোমুখি হয়েছে। প্রথম মোকাবিলাটা কিন্তু কিংবদন্তিতুল্য গল্প হয়ে আছে—সেই ১৯৫০ বিশ্বকাপে। সেবার সবাইকে হতভম্ব করে দিয়ে ফুটবলের জনক ইংলিশদের ১-০ গোলে হারিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে নিয়ে কত কাহিনি।

ব্রাজিল থেকে ইংল্যান্ডের সংবাদ সংস্থায় এল অভাবনীয় খবরটা—ইংল্যান্ড হেরে গেছে পুঁচকে যুক্তরাষ্ট্রের কাছে। ব্রিটিশ পত্রিকার বার্তা সম্পাদকেরা সেটা বার্তা সংস্থার খবর ভুল মনে করে স্কোরলাইন ‘শুধরে’ ১-০ থেকে করে দিলেন ১০-১!

ইংলিশদের আত্মবিশ্বাসের মাত্রা দেখুন! ১-০ গোলে যে তাদের দল হেরে গেছে, সেটা তো তারা মানেইনি, উল্টো নিজেদের মতো করে স্কোরলাইন বানিয়ে পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল। পরে আসল খবরটা জানার পর তো সবাই স্তব্ধ!
এরপর কেটে গেছে বহু বছর।

১৯৯০ সালের আগপর্যন্ত আর বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড এর মধ্যে ১৯৬৬ সালে জিতেছে বিশ্বকাপ, কিন্তু তারও অনেক পরে, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেখা হয়েছিল ইংল্যান্ডের। ইংলিশ গণমাধ্যম তখন ’৫০ বিশ্বকাপের ‘বদলা’ নেওয়ার ধোঁয়া তুললেও স্টিভেন জেরার্ড, ফ্রান্স ল্যাম্পার্ড, জন টেরিদের ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারেনি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

ইংল্যান্ডের জন্য বলতে গেলে সে ম্যাচটিও ছিল দুঃস্বপ্নের। সেদিন ইংল্যান্ড গোল খেয়েছিল গোলকিপার রবার্ট গ্রিনের হাত ফসকে।
আজ রাতে তৃতীয় মোকাবিলা ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের। সাউথগেট বলেন, ‘এ ম্যাচে আমরা খেলব ইতিহাস গড়তে।’

১৯৬৬ সালের বিশ্বকাপ নিজের মাঠে জিতেছিল ইংল্যান্ড। এরপর ৫৫ বছর কেটে গেছে। প্রতিবারই ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে গেছে ‘শিরোপা জিততে’, কিন্তু ব্যর্থতাই শেষ অবধি সঙ্গী তাদের। সাউথগেট রসিকতা করেছেন এটি নিয়েও, ‘আমরা নিজেদের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করি। হয়তো উচ্ছ্বসিত হওয়ার মতো খুব বেশি কিছু নেই, কিন্তু তারপরও আমরা ভীষণ উচ্ছ্বসিত হই। আমাদের যেটি করতে হবে, সেটি হচ্ছে মাঠে পারফর্ম করা। আজ কিন্তু আমরা অনুপ্রাণিত একটি দলের বিপক্ষে মাঠে নামব।’

যুক্তরাষ্ট্রকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধা আছে ইংল্যান্ড কোচের, ‘আমরা প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল। বেশ কয়েকজন প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড় আছে যুক্তরাষ্ট্র দলে। নিজেদের সেরা খেলাটা খেলেই ওদের হারাতে হবে তাদের। আমরা আগের ম্যাচে খুব ভালো খেলেই ইরানকে হারিয়েছি। এখন যদি মনে করি সেই খেলাটাই আজ খেলে ফেলব, সেটি ঝুঁকির।’

ইরানের বিপক্ষে প্রথম ম্যাচে ৬-২ গোলে জয়ের সহজ ম্যাচ শঙ্কায় ফেলেছিল ইংল্যান্ডকে। চোট পেয়েছিলেন অধিনায়ক হ্যারি কেইন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁকে পাচ্ছে দল। তিনি আজ গোল করতে মুখিয়ে থাকবেন। ২০১৮ বিশ্বকাপের শীর্ষ গোলদাতা ইরানের বিপক্ষে গোল-উৎসবের ম্যাচে কোনো গোল পাননি।