টাইব্রেকারে জয়ের পর সুগন্ধা ফুটবল একাডেমির খেলোয়াড়দের উল্লাস
টাইব্রেকারে জয়ের পর সুগন্ধা ফুটবল একাডেমির খেলোয়াড়দের উল্লাস

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল

রাগীব-রাবেয়ার দাপটের পর সুগন্ধার উচ্ছ্বাস

পড়ন্ত বিকেল, সিলেট জেলা স্টেডিয়ামে টান টান উত্তেজনা। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুটি করে গোল করেছে। সাডেন ডেথের প্রথম শটে সিলেট সুগন্ধা ফুটবল একাডেমির স্ট্রাইকার মর্জিনা মারান্ডি গোল করলেন। টিকে থাকতে তখন গোল করতেই হতো মৌলভীবাজারের সিএসএ ফুটবল একাডেমিকে; কিন্তু পারলেন না আমিষা তঞ্চঙ্গ্যা। তাঁর শট ক্রসবারে লাগলে জয়োল্লাসে মেতে ওঠে সুগন্ধার মেয়েরা।

নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচে দুবার পিছিয়ে থেকেও সুগন্ধা দারুণভাবে ম্যাচে ফিরেছে। ২-২ সমতার পর ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে, তাতে প্রথম দুটি শটে সুগন্ধা গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিতে পারায় সুগন্ধার মেয়েদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।

টান টান উত্তেজনার এই ম্যাচ জিতে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সুগন্ধা। তবে আজ বিকেলের রোমাঞ্চকর ম্যাচটার আগে দুপুরের ম্যাচে দেখা গেছে সিলেটের রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির দাপট।

সিলেট অঞ্চলের প্রথম দিনের প্রথম ম্যাচে রাগীব-রাবেয়া ৪-০ গোলে মৌলভীবাজারের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে তৃতীয় দল হিসেবে আঞ্চলিক সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে। এই অঞ্চল থেকে সিলেটের সিটি তৃণমূল ফুটবল একাডেমি ও একই জেলার হিমু ফুটবল একাডেমি আগেই বাই পেয়ে শেষ চারে উঠেছে। আগামীকাল হবে দুটি আঞ্চলিক সেমিফাইনাল ও ফাইনাল।

রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সেমিফাইনারে ওঠার আনন্দ

নকআউট–ভিত্তিক টুর্নামেন্টে সুগন্ধাকে শেষ চারে তুলতে বড় অবদান গোলকিপার সাদিয়া আক্তারের। টাইব্রেকারে দুটি শট আটকে তিনি জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সাদিয়ার হাতে ম্যাচসেরার ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সিলেট) সুমন কুমার দাস।

রাগীব-রাবেয়াকে শেষ চারে নিতে বড় ভূমিকা রাখেন স্বর্ণা মুন্ডা। আক্রমণে নেতৃত্ব দিয়েছেন, দলের হয়ে করেছেন তৃতীয় গোলটি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে স্বর্ণার হাতেই। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির ঘটনাও ঘটেছে আজ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় একাধিক দলের হয়ে খেলতে পারবেন না; কিন্তু সিলেট অঞ্চলের প্রথম দিনে একটি দলের আপত্তির পরিপ্রেক্ষিতে তদন্তে দেখা যায়, অন্য একটি একাডেমির দুজন খেলোয়াড় আগেই এই টুর্নামেন্টের খুলনা পর্বে একটি দলের হয়ে খেলেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

সকালে উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হয় টুর্নামেন্টের সিলেট পর্বের। টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, আজকের এই ফুটবল খেলাকে শুধু খেলার দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বিশেষ করে নারীদের ফুটবল, এটি নারী জাগরণের একটি মাধ্যম।

উৎপল শুভ্র বলেন, ‘প্রথম আলো সামাজিক দায়বদ্ধতা থেকে পত্রিকা প্রকাশের বাইরে নানা উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন। উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম, স্টার নিউজের সিলেট ব্যুরোপ্রধান ইয়াহ্ইয়া মারুফ।

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা

আগামীকালের খেলা

× সিটি তৃণমূল ফুটবল একাডেমি, সিলেট----রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি, সিলেট (প্রথম আঞ্চলিক সেমিফাইনাল, সকাল ৯টা)।× হিমু ফুটবল একাডেমি, সিলেট---সিলেট সুগন্ধা ফুটবল একাডেমি (দ্বিতীয় সেমিফাইনাল, বেলা ১১টা)× দুই সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি ( আঞ্চলিক ফাইনাল, বিকেল ৩:৩০ মিনিট)।ভেন্যু: সিলেট জেলা স্টেডিয়াম।