১৯৯৮ সালের বিশ্বকাপের কথা মনে আছে? পাড়া-মহল্লার স্টেশনারি দোকানে তখন জাপানের এক ফুটবলারের ছবি আর স্টিকার পাওয়া যেত। ছেলেমেয়েরা সেগুলো কিনত, খাতায় লাগাত। সেই ছবির মানুষটির নাম হিদেতোশি নাকাতা।
কেউ কেউ হয়তো এখনো সেই স্টিকারগুলোর কথা মনে করতে পারেন। নাকাতার কথা মনে করা মানে তাঁদের কাছে শৈশবের একটা দরজা খুলে যাওয়া। ইন্টারনেট আসার আগের দিনগুলো। ফুটবল তারকাদের সঙ্গে পরিচয় হতো পত্রিকার খেলার পাতা, টেলিভিশন আর স্টেশনারি দোকানের ছবিতে।
নাকাতাকে বাংলাদেশ আরেকটু ভালোভাবে চিনেছিল ২০০২ বিশ্বকাপে। তিউনিসিয়ার বিপক্ষে গোল করার পর। তত দিনে অবশ্য এশিয়ার ফুটবলে তিনি প্রতিষ্ঠিত এক নাম। ১৯৯৮, ১৯৯৯ ও ২০০১ সালে ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন। ১৯৯৮ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রথম ফুটবলার হিসেবে এই স্বীকৃতি পান তিনি।
তাঁকে ভালো লাগার আরও কারণ ছিল। দুর্দান্ত পাসিং রেঞ্জ, সৃজনশীলতা, গোলের দূরদৃষ্টি। সঙ্গে ফ্যাশন সচেতনতা। র্যাম্পে হেঁটেছেন, কেলভিন ক্লেইনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন, প্রচ্ছদে এসেছেন জিকিউ সাময়িকীর। ভক্তরা নাম দিয়েছিলেন ‘এশিয়ার বেকহাম’। সেই নাম বাংলাদেশেও পৌঁছে গিয়েছিল।
কিন্তু ফুটবলের সেই ঝলমলে তারকাকে হঠাৎ মাঠ ছেড়ে চলে যেতে হলো কেন? ২০০১ সালে রোমার হয়ে সিরি আ জিতেছিলেন নাকাতা। পরের বছর যোগ দেন পার্মায়। এশিয়ার কোনো ফুটবলারের জন্য তখন রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে তাঁকে কিনেছিল ক্লাবটি। সেই রেকর্ড টিকে ছিল ১৪ বছর।
এরপর ২০০৬ সালের জুলাইয়ে, মাত্র ২৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নাকাতা। নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে আমি আর কখনোই মাঠে পা রাখব না। তবে ফুটবল ছেড়েও যাব না।’
কেন এমন সিদ্ধান্ত? কয়েক বছর পর পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’কে কারণটা জানিয়েছিলেন, ‘প্যাশন হারিয়ে ফেলায় অবসর নিই।’
ফিওরেন্তিনার সঙ্গে চুক্তিও নিজেই বাতিল করতে বলেছিলেন। অর্থের প্রয়োজন ছিল না তাঁর। প্রয়োজন ছিল নতুন কোনো প্যাশনের।
সেই প্যাশন খুঁজতে বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে। এরপর জাপানে ফিরে একটি ভ্যানে চড়ে ঘুরে দেখার সিদ্ধান্ত নিলেন নিজের দেশ। জাপানের ৪৭টি প্রশাসনিক অঞ্চল ঘুরতে তাঁর তিন-চার মাস লাগবে বলে ভেবেছিলেন। শেষ পর্যন্ত লেগে গেল সাত বছর!
কেন এত সময়? উত্তরটা লুকিয়ে ছিল জাপানের এক ঐতিহ্যবাহী পানীয়র মধ্যে। সেক। চাল গাঁজিয়ে তৈরি এই অ্যালকোহলযুক্ত পানীয়কে অনেকে বলেন ‘জাপানি রাইস ওয়াইন’। তবে উৎপাদনপ্রক্রিয়ায় এটি ওয়াইনের চেয়ে বিয়ারের কাছাকাছি। জাপানের বিভিন্ন প্রান্তে শত শত সেক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও কারিগরের সঙ্গে পরিচয় হলো নাকাতার। আর সেখানেই খুঁজে পেলেন জীবনের নতুন লক্ষ্য। তাঁর মনে হয়েছিল, জাপানের সেক তৈরির কারিগরেরা হারিয়ে যাচ্ছেন না কাজের মান কমে যাওয়ায়। বরং তাঁদের কাজের কথা মানুষ জানছে না। নীরবে, নিভৃতে তাঁরা তৈরি করে চলেছেন শত বছরের ঐতিহ্য।
জাপানি ফুটবলে একসময় বিপ্লব ঘটিয়েছিলেন নাকাতা। এবার নামলেন সেকের জগতে নতুন বিপ্লব ঘটাতে।
২০১৩ সালে তাকাগি ব্রুয়ারির সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আনেন প্রিমিয়াম সেক ব্র্যান্ড ‘এন’। ন্যূনতম নকশার কালো বোতলে সেই সেকের প্রতিটির দাম প্রায় ১ হাজার ডলার। এখন তিনি ‘জাপান ক্রাফট সেক’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। শুধু পানীয় তৈরি করেই থেমে থাকেননি। মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেক সংরক্ষণের বিশেষ রেফ্রিজারেটর তৈরি করেছেন। আছে সেকের বিশেষ গ্লাস।
‘সেকেনোমি’ নামে একটি অ্যাপও তৈরি করেছেন। সেকের বোতলের লেবেল অনুবাদ করার পাশাপাশি কোন খাবারের সঙ্গে কোন সেক ভালো মানাবে, সেই পরামর্শও দেয় অ্যাপটি। পাশাপাশি আছে তাঁর একটি প্রিমিয়াম চায়ের ব্র্যান্ড।
কেন এই উদ্যোগ? নাকাতার ব্যাখ্যা, ‘মানুষ ওয়াইনের বিভিন্ন ব্র্যান্ড চেনে, কিন্তু সেকের ব্র্যান্ডগুলো সাধারণত তাদের চেনা থাকে না।’ আসলে নাকাতা নিজেকে এখন জাপানি সংস্কৃতির দূত হিসেবেই দেখতে চান। খ্যাতির মোহ তাঁকে টানে না। অতীতের তারকাখ্যাতিও নয়। এখনকার কাজের জন্যও মানুষের মনে বিশেষ জায়গা করে নিতে চান না। তাঁর ইচ্ছা, মেঘ কিংবা বাতাসের মতো হতে। মানুষকে একটু আনন্দ দিয়ে মিলিয়ে যেতে।
ফুটবল নিয়েও তাঁর স্বীকারোক্তি কম বিস্ময়কর নয়, ‘আমি ফুটবল-পাগল নই। খেলতে ভালোবাসতাম, কিন্তু কখনো পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখিনি।’
অথচ সেই মানুষটিই হয়ে উঠেছিলেন পেশাদার ফুটবলার। এশিয়ার প্রথম দিককার বৈশ্বিক ফুটবল তারকাদের একজন। তিনটি বিশ্বকাপ খেলেছেন। জিতেছেন সিরি আ। আজ তাঁর হাতে ফুটবল নেই। আছে জাপানের ঐতিহ্যবাহী পানীয়র বোতল। মাঠের সেই নাকাতা এখন খুঁজে বেড়ান নিজের দেশের হারিয়ে যেতে বসা সংস্কৃতি।
একসময় ফুটবল তাঁকে চিনিয়েছিল বিশ্বকে। এখন তিনি বিশ্বকে চেনাতে চান জাপানকে। খ্যাতির আলো থেকে দূরে সরে গিয়ে এটাই যেন তাঁর সবচেয়ে বড় জয়।