কঠিন, আরও কঠিন, একেবারে অগ্নিপরীক্ষার মতো কঠিন—বাংলাদেশ নারী ফুটবল দলের এবারের এশিয়ান গেমসের গ্রুপটা ঠিক তেমনই। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার—তিন প্রতিপক্ষই শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাই এই গ্রুপকে বাংলাদেশের জন্য ‘কঠিন’ বললে হয়তো কমই বলা হবে।
বাস্তবতাটা বাংলাদেশ কোচ পিটার বাটলারেরও অজানা নয়। কিন্তু কঠিন গ্রুপ মানেই যে আগেই হাল ছেড়ে দিতে হবে, তা মনে করেন না তিনি। তাঁর বার্তা বরং ভিন্ন—চ্যালেঞ্জটা উপভোগ করতে হবে, নিজেদের সামর্থ্যের সবটুকু দিতে হবে।
জাপানের আইচি-নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর শুরু এশিয়ান গেমসের ২০তম আসর। তবে ফুটবল, ক্রিকেটসহ কয়েকটি খেলা শুরু হচ্ছে এর আগেই। আজ মেয়েদের ফুটবলে প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বেলা একটায়।
শুরুতেই এমন প্রতিপক্ষ, যারা কাগজে–কলমের শক্তিতে তো বটেই, অভিজ্ঞতা ও সাফল্যেও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ১১ নম্বরে, বাংলাদেশ ১০৭। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান ৯৬ ধাপ। এর সঙ্গে যোগ করুন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্য—তাহলে কাজটা কতটা কঠিন, সেটি বুঝতে খুব বেশি হিসাব করতে হবে না।
বাংলাদেশ নারী দলের বড় সাফল্যের তালিকায় এখন পর্যন্ত দুটি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাই সবচেয়ে উজ্জ্বল। এশিয়ান গেমসেও এর আগে খেলেছে মাত্র একবারই, ২০২২ সালের গত আসরে। সেবার গ্রুপ পর্বে এক ম্যাচ ড্র করেই বিদায় নিতে হয়েছিল।
অন্যদিকে উত্তর কোরিয়া পাঁচবার বিশ্বকাপ খেলেছে। ২০০৭ বিশ্বকাপে উঠেছিল কোয়ার্টার ফাইনালে। এশিয়ার সেরা হয়েছে তিনবার। অলিম্পিকেও অংশ নিয়েছে দুবার। আর এশিয়ান গেমসে ছয়বার সোনার লড়াইয়ে নেমে তিনবারই জিতেছে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ জিতবে—এমন প্রত্যাশা করলে বাস্তবতার চেয়ে কল্পনাকেই বেশি প্রশ্রয় দেওয়া হবে। তাই জয়-পরাজয়ের হিসাবের বাইরে গিয়ে নিজেদের খেলাটাকে গুরুত্ব দিতে চাইছে বাংলাদেশ।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলা বাটলারের কথাতেও তারই প্রতিফলন, ‘বাস্তবধর্মী লক্ষ্য নিয়ে এখানে এসেছি আমরা। আমরা ভালো করেই জানি, এমন একটি গ্রুপে খেলছি, যেখানে এশিয়ান ফুটবলের শক্তিশালী দলগুলোর দুটি—উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আছে। এমনকি র্যাঙ্কিংয়ে মিয়ানমারও আমাদের চেয়ে এগিয়ে। পরিস্থিতি কতটা কঠিন হতে যাচ্ছে আমাদের জন্য, তা নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। তবে এই কঠিন চ্যালেঞ্জের মধ্যেও আমরা খেলাটি উপভোগ করতে চাই।’
উত্তর কোরিয়ার পর বাংলাদেশের সামনে দক্ষিণ কোরিয়া। আগামী বৃহস্পতিবার সেই ম্যাচ। র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া ১৯তম, বাংলাদেশের চেয়ে ৮৮ ধাপ এগিয়ে। পাঁচবার বিশ্বকাপ খেলা দলটি এশিয়ান গেমসে অংশ নিয়েছে নয়বার, জিতেছে তিনটি ব্রোঞ্জপদক। সিনিয়র পর্যায়ে বাংলাদেশের সঙ্গে তাদের এখনো দেখা হয়নি। অর্থাৎ নতুন এক পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে মিয়ানমার ৫৫তম—বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে। শক্তির বিচারে তারাও পিছিয়ে থাকার মতো দল নয়। তবে এ ম্যাচটিই বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে একটু আশার জায়গা তৈরি করছে।
কারণ, তিন গ্রুপ প্রতিপক্ষের মধ্যে একমাত্র মিয়ানমারের বিপক্ষেই বাংলাদেশের মেয়েদের একাধিকবার খেলার অভিজ্ঞতা আছে। এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়ে একবার জিতেছেও বাংলাদেশ। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবারই প্রথম সিনিয়র পর্যায়ে দেখা হবে। উত্তর কোরিয়ার সঙ্গে তো গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে ৫–০ গোলে হেরেছিল বাংলাদেশ।
সেই হিসাবেই হয়তো মিয়ানমার ম্যাচটিকে মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। তবে কোচ বাটলারও জানেন, শুধু অতীতের একটি জয় দিয়ে বর্তমানের ম্যাচ জেতা যায় না। বরং প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই শেষ ম্যাচে ভালো করার চেষ্টার কথা বললেন তিনি, ‘আমাদের দেশে তো মেয়েদের নিয়মিত কোনো লিগই নেই! তাই এই ম্যাচ নিয়ে আমাদের বড় কোনো ফলাফলের প্রত্যাশা না করে বাস্তববাদী হওয়া গুরুত্বপূর্ণ। আমরা ইতিবাচক ও ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। দেখা যাক, প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে কতটা কাজে দেয়।’
বাংলাদেশের চ্যালেঞ্জটা অবশ্য শুধু প্রতিপক্ষের শক্তিতেই সীমাবদ্ধ নয়। টুর্নামেন্ট শুরুর আগেও ধাক্কা খেয়েছে দল। ফর্মে থাকা ডিফেন্ডার নবীরণ খাতুন চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তবে স্বস্তির খবর, নবীরণ ছাড়া স্কোয়াডে আর কারও চোটের সমস্যা নেই।
সব মিলিয়ে বাংলাদেশের পথটা মোটেও সহজ নয়। তবে কঠিন পথ বলেই হয়তো এই যাত্রার আলাদা মূল্য আছে। বাংলাদেশ জানে, প্রতিপক্ষ শক্তিশালী। জানে, ব্যবধানও অনেক। তবু সেই কঠিনকেই ভালোবেসে মাঠে নামতে প্রস্তুত তারা।