মরক্কো ম্যাচের আগে ব্রাজিল দলের অনুশীলন
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল দলের অনুশীলন

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ

ব্যাপারটা মোটামুটি অনুমিতই ছিল। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পরেই জানা যায় নেইমারের চোটের খবর। এরপর এখনো মাঠে নামতে পারেননি, মরক্কোর ম্যাচের আগে তার না থাকাটা ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। ব্রাজিলের সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি সেটিই নিশ্চিত করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নেইমারের জায়গায় খেলবেন কে?

সেই উত্তরটা কোচ কার্লো আনচেলত্তি সরাসরি দেননি। তবে ব্রাজিলিয়ান মিডিয়ার তথ্য অনুযায়ী, অনুশীলনে নিজের সেরা ফর্ম দেখিয়ে প্রথম একাদশে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন লুকাস পাকেতা।

তবে হয়তো ঠিক সরাসরি নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন না, মূলত কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে মিডফিল্ডের অগ্রভাগেই তাঁকে দেখা যাবে। সে ক্ষেত্রে ব্রাজিলের ফর্মেশনটা হবে ৪-২-৩-১ বা ৪-২-২-২।

বাঁ-প্রান্তে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, ডানপ্রান্তে রাফিনিয়া, আর মূল স্ট্রাইকার পজিশনে দেখা যাবে মাথেউস কুনিয়াকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কুনিয়া ও ভিনিসিয়ুস জায়গা অদল বদল করতে পারেন।

নেইমার থাকছেন না মরক্কোর বিপক্ষে

রক্ষণভাগে কিছুটা বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে আনচেলত্তিকে। ওয়েসলি ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে, ফলে সেই দায়িত্ব এসে পড়ছে অভিজ্ঞ দানিলোর কাঁধে। বাঁ-প্রান্তে থাকতে পারেন অ্যালেক্স সান্দ্রো, আর সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালেস।

আনচেলত্তির জন্য চিন্তার কারণ হতে পারে ব্রাজিলের বাঁ–প্রান্ত। মরক্কোর রাইট ব্যাক আশরাফ হাকিমি নিজের পজিশনে বিশ্বের সেরাদের একজন। ওভারল্যাপ করতে পছন্দ করেন, সে ক্ষেত্রে হয়তো কিছুটা নিচে নেমে রক্ষণে সাহায্য করতে হতে পারে ভিনিসিয়ুসকে। এই জায়গায় ভিনিসিয়ুস কেমন করেন, সেটার ওপরেই হয়তো নির্ভর করছে ম্যাচের গতিপথ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন, অ্যালেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল, মার্কিনিওস, দানিলো, ব্রুনো গিমারেস, কাসেমিরো, পাকেতা, ভিনিসিয়ুস, রাফিনিয়া, কুনিয়া।