জুভেন্টাস তারকা দি মারিয়া
জুভেন্টাস তারকা দি মারিয়া

গোল করানোয় দি মারিয়ার পেছনে মেসি

আনহেল দি মারিয়া কাল হ্যাটট্রিক করেছেন। গোলের নয়, তাঁর হ্যাটট্রিকটি গোল করানোর। চ্যাম্পিয়নস লিগে ম্যাকাবি হাইফার বিপক্ষে দলের জুভেন্টাসের ৩–১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন রাবিও, একটি গোল ভ্লাহোভিচের। তিনটি গোলই বানিয়েছেন দি মারিয়া। দলের সব কটি গোলে অবদান রাখার পর আর্জেন্টাইন উইঙ্গার বলেছেন, গোল করানোতেই তাঁর যত আনন্দ।

জুভেন্টাসের ঘরের মাঠের এই ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে দি মারিয়া বলেছেন, ‘দল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্দান্ত একটি ম্যাচ ছিল। আমি দলকে জিততে সাহায্য করেছি। ৩ গোল করে এটা আমাদের দ্বিতীয় জয়।’

এর আগে ইতালিয়ান সিরি ‘আ’তে বোলোনিয়াকে ৩–০ গোলে হারিয়েছিল তুরিনের ‘ওল্ড লেডিরা’। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চসংখ্যক গোল বানানোয় লিওনেল মেসিকে টপকে দুইয়ে উঠে এলেন দি মারিয়া। ৩৮টি গোল বানালেন। ৩৭টি গোল বানিয়ে দুইয়ে মেসি। সর্বোচ্চ ৪২ গোল বানিয়ে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো।

এবারের চ্যাম্পিয়নস লিগে এটি ছিল জুভেন্টাসের তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচে পিএসজি ও বেনফিকার কাছে হেরে যাওয়া জুভেন্টাস এবার চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেল কাল। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’–এ তৃতীয় স্থানে আছে তারা। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি, দ্বিতীয় স্থানে বেনফিকার পয়েন্টও ৭।

গোল করানোয় দি মারিয়ার পেছনে মেসি

অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এবার না–ও উঠতে পারে জুভেন্টাস। কিন্তু কাল দল যেভাবে খেলেছে, এই ধারা ধরে রাখতে পারলে আশা দেখছেন দি মারিয়া, ‘আমাদের এভাবেই কাজ করে যেতে হবে। এমনকি আরও গোল করতে হবে।’
দি মারিয়া এরপর যোগ করেন, ‘আজ (গতকাল) আমরা ভালো করেছি। ম্যাকাবি বেনফিকা ও পিএসজির বিপক্ষে ভালো খেলেছে। তাদের ভালো খেলোয়াড় আছে এবং এ ম্যাচেও ভালো খেলেছে। ফিরতি লেগে আমাদের আরও মনোযোগী হতে হবে।’