অনূর্ধ্ব-১৭ এশিয়ান বাছাই

উজবেকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

অনূর্ধ্ব–১৭ নারী ফুটবলে উজবেকিস্তানের বিপক্ষে আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা। আজ প্রথম দেখাতেই তাদের ২–১ গোলে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দল।

উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের চতুর্থ মিনিটেই মোসাম্মৎ আলমিনার গোলে এগিয়ে যায় দল। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

১৮ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে স্বাগতিক উজবেকিস্তান। আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে বাংলাদেশের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। সেই সুযোগে বাংলাদেশের গোলকিপারকে একা পেয়ে বল জালে পাঠান উজবেকিস্তানের ডিফেন্ডার ফারাঙ্গিজ লাকায়েভা।

১–১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচে এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও বেশ কয়েকটি সুযোগ গোলমুখে গিয়ে নষ্ট হয়। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আসে কাঙ্ক্ষিত গোল। ৯৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা রুনা আক্তার বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলকে দ্বিতীয় গোলটি এনে দেন। তাঁর সেই গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে উজবেকিস্তান ও ফিলিপাইনস। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ অক্টোবর ফিলিপাইনসের বিপক্ষে।

আগামী বছরের মার্চ–এপ্রিলে চীনে বসবে ১২ দল নিয়ে এএফসি অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের আসর। বাছাইপর্বে ৩০টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে লড়ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলবে। সরাসরি মূল পর্বে খেলবে আয়োজক চীন এবং গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও চতুর্থ হওয়া অস্ট্রেলিয়া।