গ্যারেথ সাউথগেট
গ্যারেথ সাউথগেট

বলছেন সাউথগেট

‘ফল ভালো না হলে চুক্তি আপনার চাকরি বাঁচাতে পারবে না’

বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। দলগুলো এখন ব্যস্ত নিজেদের প্রস্তুতিতে। বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াডটি বাছাই করে নেওয়ার দিকেই চোখ কোচদের। ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সুযোগই পাচ্ছেন না ভাবার, মনে হয় না। পাবেন কোথা থেকে, এই ইংলিশ কোচকে যে কথা বলতে হচ্ছে নিজের চাকরি নিয়ে!

টানা পাঁচ ম্যাচে জয়হীন থেকে বিশ্বকাপের আগে মহাবিপর্যয়ে পড়েছে ‘থ্রি লায়ন্স’রা। ইতিমধ্যে নেশনস লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে তারা। আজ রাতে জার্মানির বিপক্ষে ইতিবাচক ফল না এলে সাউথগেটের ওপর চাপ আরও বাড়বে। বিশ্বকাপেও পড়তে পারে এর প্রভাব।

সাউথগেটের হাত ধরেই ফুটবলের বড় মঞ্চে সাফল্যের কাছাকাছি যেতে শুরু করেছিল ইংলিশরা। ২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলটি গত বছরের ইউরোতে রানার্সআপ হয়েছে। কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসার এই ধারা থেকে বের হতে কাতার বিশ্বকাপকে পাখির চোখ করেছিলেন সাউথগেট।

সময়টা ভালো যাচ্ছে না সাউথগেট–কেনদের

তবে বিশ্বকাপের আগে ইংলিশদের পারফরম্যান্স মোটেই আশাবাদী হওয়ার মতো নয়। ২০২৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও এখনই চাকরি হারানোর শঙ্কা সাউথগেটের মনে, ‘আমি বোকা না। চুক্তি এখানে অপ্রাসঙ্গিক ব্যাপার। কোচদের তিন, চার, পাঁচ বছরের মেয়াদ থাকতে পারে। তবে ফল যদি যথেষ্ট ভালো না হয়, আপনাকে মেনে নিতে হবে যে যাওয়ার সময় হয়েছে।’

ইংল্যান্ড ফুটবল দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে অম্ল-মধুর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে সাউথগেটকে। তাঁর কোচিং কৌশল পছন্দ নয় অনেক ইংলিশ সমর্থকের। অনেকবার দুয়োও শুনতে হয়েছে তাঁকে।

তবে মাঠের লড়াইয়ে ইতিবাচক ফল আসায় চাকরি নিয়ে কখনো ভাবতে হয়নি সাউথগেটকে। পরিস্থিতি এখন বদলে গেছে। দুশ্চিন্তা যে সাউথগেটের মনেও ভর করেছে, তা স্পষ্ট তাঁর কথাতেই, ‘আমার ক্ষেত্রেই বা কেন ভিন্ন কিছু হবে? আমি এতটা উদ্ধত না যে এটা ভাবব, ফল যা-ই হোক, চুক্তি আমাকে রক্ষা করবে।’

গোল পাচ্ছেন না ইংলিশ ফরোয়ার্ডরা

জয়ের পাশাপাশি দলের গোল করা নিয়েও আলাদা করে ভাবতে হচ্ছে সাউথগেটকে। টানা তিন ম্যাচে কোনো গোল নেই। পাঁচ ম্যাচে ইংলিশরা গোল পেয়েছে মাত্র ১টি, সেটিও আবার পেনাল্টি থেকে। বিশ্বকাপের আগে এমন পরিসংখ্যান ইংলিশ কোচের কপালের ভাঁজ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে এই দুর্দশার অশনি সংকেতটা ঠিকই শুনতে পাচ্ছেন সাউথগেট, ‘অবশ্যই আমরা বুঝতে পারি, ফল কীভাবে পরিস্থিতি বদলে দেয় এবং তাই হয়েছে। এ ব্যাপারে আমি বাস্তববাদী। কাতারে কী ঘটবে, তার ভিত্তিতেই আমাকে বিচার করা হবে। এভাবে যাচাই হওয়াটা নিয়ে আমি খুশিও।’

পরপর দুটি বড় টুর্নামেন্টে দলকে শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন সাউথগেট। তবে ইতিহাস যে কেউ মনে রাখে না, তা জানা আছে সাউথগেটের। তিনি বলেছেন, ‘ইতিহাস হচ্ছে ইতিহাস। আপনাকে বিচার করা হবে পরের ম্যাচ দিয়ে এবং পরের টুর্নামেন্ট দিয়ে। কঠিন সময়ে ফলের ভিত্তি আমিই প্রথম কোচ না যিনি সমালোচিত হয়েছেন। এটা এই কাজেরই অংশ। আমার জন্য, এই পরিস্থিতিতে দলকে পরিচালনা করা বেশ বড় একটি চ্যালেঞ্জ।’