সালমা অন্তর্ভুক্ত হয়েছেন এএফসির এলিট প্যানেল
সালমা অন্তর্ভুক্ত হয়েছেন এএফসির এলিট প্যানেল

এএফসির এলিট প্যানেলে বাংলাদেশের রেফারি সালমা

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সালমা আক্তার। পেয়েছেন ফিফার সহকারী রেফারির স্বীকৃতি। এবার এএফসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সালমা।

মালয়েশিয়ায় গত ১৬–১৯ জানুয়ারি এএফসির এলিট প্যানেলের পরীক্ষায় অংশ নেন বাংলাদেশের দুই নারী রেফারি জয়া চাকমা ও সালমা। জয়া উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু সুখবরটা আজ পেয়েছেন সালমা। তিনি বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে ঢুকলেন এএফসির এলিট প্যানেলে।

দক্ষিণ এশিয়ান পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত ম্যাচ পরিচালনা করেছেন সালমা। এবার সুযোগ পাবেন এশিয়ার সেরা দেশগুলোর বড় বড় ম্যাচ পরিচালনার। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পাঁচ ধাপ পার হতে হয়েছে সালমাকে। ফিটনেস টেস্ট, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ভিডিও টেস্ট ও ম্যাচ পরিচালনা—প্রতিটি ক্ষেত্রেই সফলতা দেখিয়েছেন সালমা।

দক্ষিণ এশীয় পর্যায়ে ম্যাচ পরিচালনা করে সালমার লক্ষ্য আরও ওপরে

এমন বড় সাফল্য পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে সালমাকে। রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের শারীরিক শিক্ষক সালমা রেফারিং পরীক্ষায় পাস করতে অনুশীলনের সুযোগ খুব কমই পেতেন। ছুটির দিনে অথবা রাতের বেলায় রাস্তায় অনুশীলন করেছেন। অবশেষে পরিশ্রমের ফল পেয়ে উচ্ছ্বসিত সালমা, ‘অনেক কষ্ট করেছি। বিশেষ করে অনুশীলনের জন্য সময় বের করাটা কষ্টের হতো। আমি দিনে সময় পেতাম না। যেখানে থাকি, সেখানে মাঠ নেই। তাই রাতে রাস্তায় অনুশীলন করতে হতো। শেষ পর্যন্ত এলিট প্যানেলে ঢুকতে পেরে খুব ভালো লাগছে। এবার চাই বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে।’

শুধু এশিয়ার দেশগুলো নয়, নারী বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখেন সালমা, ‘এত দিন দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ম্যাচ চালিয়েছি। এবার এএফসির পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। যদি ভালো করতে পারি, তাহলে বিশ্বকাপের ম্যাচও চালানোর সুযোগ পাব। সেই আশায় রয়েছি আমি।’