বেলজিয়ামের নতুন কোচ মার্ক ফন বোমেল
বেলজিয়ামের নতুন কোচ মার্ক ফন বোমেল

বেলজিয়ামের নতুন কোচ মার্ক ফন বোমেল

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্ক ফন বোমেল। আজ রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বেলজিয়াম বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন দলটির ফরাসি কোচ রুডি গার্সিয়া। তাঁর উত্তরসূরি হিসেবে বেলজিয়ামের ডাগআউট সামলাবেন নেদারল্যান্ডসের এই সাবেক মিডফিল্ডার।

এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, ইউরো ২০২৮ পর্যন্ত বেলজিয়াম জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মার্ক ফন বোমেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
খেলোয়াড়ি জীবনে মাঠে পরিশ্রমী মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন ফন বোমেল।

২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর ফন বোমেল বলেছেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়। আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। বেলজিয়ামে অসামান্য সব খেলোয়াড় আছে, দলটির সম্ভাবনাও অপরিসীম। কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে আমরা এমন একটি দল তৈরি করতে চাই, যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী। সাফল্য কখনো নিশ্চিত নয়, তবে কঠোর পরিশ্রম, সততা ও নিবেদনের ব্যাপারে কোনো কমতি থাকবে না।’

২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের অধিনায়ক ছিলেন ফন বোমেল

২০১৩ সালে ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর কোচিং পেশায় আসেন ফন বোমেল। এখন পর্যন্ত তিনি পিএসভি আইন্দহফেন, ভলফসবুর্গ এবং অ্যান্টওয়ার্পের কোচ হিসেবে কাজ করেছেন। দীর্ঘ ৬৬ বছর পর ২০২৩ সালে অ্যান্টওয়ার্পকে প্রথম লিগ শিরোপা জিতেছে তাঁর অধীনে। তবে ২০২৪ সালের জুনে ক্লাবটি ছাড়ার পর এত দিন ফন বোমেল আর কোনো দায়িত্বে ছিলেন না।

আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফন বোমেলের অধীনে বেলজিয়ামের পথচলা।