বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি
বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি

আর্জেন্টিনাকে নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করা প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন

আর্জেন্টিনা ফুটবল দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে আজ দুপরে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সকাল বেলা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন স্থগিতের কোনো কারণ ব্যাখ্যা করেনি বাফুফে। তবে বিকেলে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে বলেছে, এই সফর নিয়ে তারা কাজ করছে। যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

বাফুফের ভাষ্য, ‌‘আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশে আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সবার প্রবল আগ্রহের পরিপ্রেক্ষিতে এবং আজকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান রয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্ত কাম্য।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

কিন্তু প্রশ্নটা থেকেই যায়, সংবাদ সম্মেলন ঠিক কী কারণে স্থগিত করা হলো? এ বিষয়ে জানতে চাইলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ প্রথম আলোকে বলেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে সাংবাদিকেরা কিছু প্রশ্ন করে, তাতে হয় কি, কিছু প্রবলেম হয়ে যায়। কাজেই বাফুফের পক্ষ থেকে এখন আমরা কিছুই বলব না আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সইয়ের আগে। কিছু নিয়মকানুন আছে। সেগুলো তো মানতে হবে। চুক্তি হয়ে গেলে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা দেবে। কাজেই আমি আজ আর কিছু বলব না। আমরা আমাদের কাজ করছি।’

ওদিকে আর্জেন্টিনার এক সাংবাদিক আজই টুইট করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো যোগাযোগই নাকি হয়নি। আর্জেন্টিনা তাদের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নতুন চুক্তির আগপর্যন্ত এ বিষয়ে কিছু বলবে না।

বিষয়টা নজরে আনলে কাজী সালাউদ্দিন বলেন, ‘কে, কোথায়, কী বলল, সেটা দেখা বিষয় নয় আমাদের। এটা ভিত্তিহীন। এখন এগুলো নিয়ে কে কার সঙ্গে ঝগড়া করতে যাবে। আমি আমার কাজ করছি।’

বিশ্বকাপ ট্রফি হাতে আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে কবে নাগাদ চুক্তি হতে পারে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আগ বাড়িয়ে আমি কিছু বলব না। চুক্তিটা হয়ে নিক। আমার এখন আর কিছু বলার নেই। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। আমি মনে করি না, মেসিদের আসা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে।’

উল্লেখ্য গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‌জুনে মেসিদের ঢাকায় এসে ফিফা প্রীতি ম্যাচ খেলা প্রায় চূড়ান্ত। এখন শুধু সফরের শর্তাবলি নিয়ে আলোচনা চলছে। তারপরই দেশের ক্রীড়াঙ্গনে এ নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়।