
জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে দীর্ঘ বিরতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে ৮ সেপ্টেম্বর শীর্ষ লিগে খেলা ১০টি ক্লাব বাফুফেকে চিঠি দিয়েছিল।
চিঠিতে ছয় দফা দাবির সঙ্গে প্রচ্ছন্নে লিগ পেছানোরও একটা দাবি ছিল। কিন্তু ক্লাবগুলোর সেসব দাবি উপেক্ষা করে রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করে বাফুফে। এতে বিপাকে পড়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ক্লাবটির নয়জন ফুটবলার—সুজন হোসেন, আনিসুর রহমান, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ, ফয়সাল আহমেদ, সৌরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন আসিয়ানের জন্য চলমান জাতীয় দলের ক্যাম্পে আছেন। এদিকে মোহামেডান এখনো অনুশীলনই শুরু করতে পারেনি।
এ কারণে আজ বিকেলে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে আগামীকালের মধ্যে জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে ক্লাবটি। খেলোয়াড়েরা ফিরে এলে লিগের প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করতে পারবে তারা।
এ বিষয়ে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, চিঠিটি তাঁরা মাত্র পেয়েছেন। কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর ভাষায়, ‘মাত্র তো চিঠিটা পেলাম। এখনই বলতে পারছি না কিছু। কমিটির অন্যদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে হবে।’
মোহামেডান চিঠিতে আরও জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা আন্তর্জাতিক বিরতি। নিয়ম অনুযায়ী, সেদিন জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে তাদের কোনো আপত্তি নেই।