ডাচ কোচ ফন গাল
ডাচ কোচ ফন গাল

বলছেন ডাচ কোচ  

‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি’

ফুটবলে চির দুঃখের রং কমলা। তিনবার ফাইনাল ও দুবার সেমিফাইনাল খেলেও এখন পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটা ছোঁয়া হলো না কমলা জার্সির দেশ নেদারল্যান্ডসের। বিশ্বকাপের সঙ্গে যেন অদ্ভুত এক লুকোচুরির সম্পর্ক ডাচদের। ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি যে ২০১৮ বিশ্বকাপের টিকিটই পায়নি।

এখন আবার কাতারে ফিরে এসে দারুণ খেলে শেষ আট নিশ্চিত করেছে ‘ফ্লাইং ডাচম্যান’রা। তবে এবার আর ব্যর্থ হয়ে ফিরতে চায় না তারা। বড় অর্জনের স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস, দলের কোচ লুইস ফন গালও বলেছেন, এবার বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ তাঁদের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জমে ওঠা ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েই শেষ ষোলোর বাধা পেরিয়েছে নেদারল্যান্ডস। ৩-১ গোলে জেতা ডাচরা কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসির আর্জেন্টিনাও হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

মেসি গোল করছেন, করাচ্ছেন। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ আছেন ছন্দে। মাঝমাঠে নজর কেড়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনেজ। সব মিলিয়ে আর্জেন্টিনার আশাও বড় হচ্ছে।

তবে ফন গালের বিশ্বাস শিরোপা জয়ের পথে যেকোনো বাধা টপকানোর সামর্থ্য আছে তাঁদের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে ডাচ কোচ বলেছেন, ‘আমি মনে করি, এবার আমাদের দারুণ সুযোগ, তবে এখনো তিনটি ম্যাচ জিততে হবে। আমি এক বছর ধরে এ কথা বলে আসছি, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি। বলছি না যে হবই, তবে হতে পারি।’

দারুণ ছন্দে আছে ডাচরা

বিশ্বকাপে নেদারল্যান্ডসের খেলোয়াড়েরাও নিজেদের মেলে ধরেছেন। গ্রুপ পর্বে তরুণ কোডি গাকপো করেছেন ৩ গোল। শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে তো একাই শেষ করে দিয়েছেন ডেনজেল ডামফ্রিস।

তবে চূড়ান্ত সাফল্যের জন্য দলগতভাবে ভালো খেলতে হবে বলে মনে করেন ৭১ বছর বয়সী ডাচ কোচ, ‘আমি বলছি দলীয় ঐক্যের কথা। যাতে আমরা নিজেদের সর্বোচ্চ শক্তিশালী দল হিসেবে গড়তে পারি এবং খেলোয়াড়দের ভেতর থেকে পারফরম্যান্স এবং ফলটা বের করে আনতে পারি।’

দলীয় ঐক্যের কথা বললেও ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র ম্যাচে দুর্দান্ত খেলা উইংব্যাক ডামফ্রিসকে নিয়ে আলাদা করে কথা বলতে হয়েছে ফন গালকে। ওই ম্যাচে একটা গোল করার পাশাপাশি মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লিন্ডের গোলেও সহায়তা করেছেন ২৬ বছর বয়সী ডামফ্রিস।

ফন গালও মুগ্ধ ইন্টার মিলানের এই উইংব্যাককে নিয়ে, ‘গতকাল বা তার আগের দিন আমি তাকে একটা চুমু দিয়েছিলাম। এখন আরেকটি দেব। যাতে সবাই দেখতে পারে।’ এরপর সত্যি সত্যি শিষ্যকে চুমু খান ডাচ কোচ। কোচ ফন গালের কাণ্ড দেখে ডামফ্রিসের হাসিও যেন বাঁধ মানছিল না।

দলকে শেষ আটে নিয়ে গিয়ে দারুণ উচ্ছ্বসিত ডামফ্রিসও, ‘এটা সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। নিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি।’