বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে বিরোধিতা আরও জোরালো হচ্ছে। ইইউ, উয়েফা, কনক্যাকাফ ও কয়েকটি জাতীয় ফুটবল ফেডারেশনের পর এবার আপত্তি জানিয়েছে ইউরোপের পেশাদার ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিফপ্রো ইউরোপ।
খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনা ছাড়া তৈরি করা এই প্রস্তাব তারা কখনোই গ্রহণ করবে না বলে জানিয়েছে।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ফিফপ্রো ইউরোপ বলেছে, বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতাকে বেসরকারি মূলধনের বিনিয়োগযোগ্য সম্পদে পরিণত করার উদ্যোগ ফুটবলের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের স্বার্থের জন্য উদ্বেগজনক। সংগঠনটি মনে করে, এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের কর্মপরিবেশ ও ক্যারিয়ার গড়ে ওঠার ভিত্তিই বদলে দিতে পারে।
বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতা পরিচালনার জন্য ‘ফিফা ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ (এফএফই) নামে একটি নতুন কোম্পানি গঠন করে তার ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে ফিফা। প্রায় দুই হাজার কোটি ডলার মূল্যায়নে হওয়া এই প্রস্তাব বাস্তবায়িত হলে ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফিফার একটি অংশে বেসরকারি মালিকানা যুক্ত হবে।
ফিফপ্রো ইউরোপের বিবৃতিতে বলা হয়, ‘ফিফা বিশ্বকাপ এবং অন্য প্রতিযোগিতাগুলোকে বেসরকারি মূলধনের কাছে বিক্রি করার এই প্রস্তাবে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি খেলোয়াড়দের কর্মপরিবেশ ও ক্যারিয়ার গড়ে তোলার ভিত্তিকে চিরতরে বদলে দেবে।’
ফিফপ্রো ইউরোপ বলেছে, খেলোয়াড়দের কল্যাণ, আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ফুটবলের ভবিষ্যতের ওপর এই প্রস্তাবের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এত বড় একটি সিদ্ধান্ত সম্পূর্ণ গোপনে এবং যাদের ওপর এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই চুক্তির কাছাকাছি নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক।
সংগঠনটির মতে, বিষয়টি শুধু একটি বাণিজ্যিক চুক্তির নয়, এটি বিশ্ব ফুটবলের শাসনব্যবস্থা ও খেলার সততার সঙ্গেও জড়িত।
বিবৃতিতে আরও বলা হয়, এই প্রস্তাবটি বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ পরিচালনা ও খেলার সততা নিয়ে মৌলিক প্রশ্ন তোলে। বাণিজ্যিক প্রভাব এসে যেন খেলোয়াড়, সমর্থক ও খেলাটিকে ধরে রাখা মানুষের কণ্ঠকে দাবিয়ে না দেয়। ফিফপ্রো ইউরোপ কখনোই এমন মডেল সমর্থন করবে না।
ফিফপ্রো ইউরোপ হলো ইউরোপের বিভিন্ন দেশের পেশাদার ফুটবলার ইউনিয়নগুলোর আঞ্চলিক সংগঠন। এটি বৈশ্বিক খেলোয়াড় সংগঠন ফিফপ্রোর ইউরোপীয় শাখা। খেলোয়াড়দের অধিকার, কর্মপরিবেশ, আন্তর্জাতিক ম্যাচসূচি, বিশ্রাম এবং পেশাগত স্বার্থ রক্ষার বিষয়গুলোতে সংগঠনটি ইউরোপীয় ফুটবলারদের প্রতিনিধিত্ব করে।