পাকিস্তানের কাছে হারের পর হতাশা হামজাদের
পাকিস্তানের কাছে হারের পর হতাশা হামজাদের

‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’

ম্যাচের পর খেলোয়াড়দের চোখেমুখে রাজ্যের হতাশা। মুখে হাত দিয়ে যেন ভেতরের কষ্টটা লুকাতে চাইছিলেন হামজা চৌধুরী। কিন্তু চাইলেই কি আর কষ্ট লুকানো যায়! দুচোখ যে তাঁর ছলছল করছে। শেষ মুহূর্তে হেরে যাওয়ার হতাশা, বুকভাঙা কান্না। সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর আরেকটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল।

আজ জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান। ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে শেষ হয় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত।

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ টমাস ডুলির কণ্ঠে হতাশা। তাঁর মতে, বড় ম্যাচের চাপই সামলাতে পারেননি খেলোয়াড়েরা। সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এত দর্শকের সামনে খেলার প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু শুরু থেকেই আমরা খেলায় ঢুকতে পারিনি। একের পর এক ভুল করেছি। একটা ভুলের পর খেলোয়াড়েরা আরও সতর্ক হতে চেয়েছে, কিন্তু তাতে উল্টো আরও ভুল হয়েছে। আসলে এই ম্যাচে চাপ সামলানোই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।’

বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি


শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের খেলায় যে গতি ও আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে সেটি ছিল অনুপস্থিত। ডুলিও মানছেন, পাকিস্তান তাদের চেয়ে ভালো খেলেছে।


৮৬ মিনিটে গোল হজমের পর খেলোয়াড়েরা মানসিকভাবে ভেঙে পড়েন বলে মনে করেন কোচ ডুলি। তাঁর কথায়, ‘শেষ দিকে এমন একটা গোল হজম করা বড় ধাক্কা। মানুষ হিসেবে সবাই এই পরিস্থিতি একইভাবে সামলাতে পারে না।’
ম্যাচ শেষে ড্রেসিংরুমের পরিবেশও ছিল থমথমে। ডুলি জানালেন, খেলোয়াড়েরা কাঁদছিলেন, কারও মুখে কথা ছিল না। এই হতাশা নিয়েই এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে বাংলাদেশকে।