বড় বাজেটের দল গড়েই থেমে থাকেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, নতুন মৌসুমের জন্য চূড়ান্ত করেছে বিদেশি কোচও। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে কোচ করেছে সাদা–কালোরা। আজ মোহামেডান ক্লাব ভবনে ৫৩ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। ২০১৮ সালে দেশটির গোকুলাম কেরালায় যোগ দেন ভারেলা। প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জেতান, আর পরের মৌসুমে এনে দেন মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপের ট্রফি।
২০২০ সালের জুনে বেতনের টানাপোড়েন ও আই-লিগের পারফরম্যান্সের কারণে গোকুলাম ছাড়েন তিনি। পরে দায়িত্ব নেন গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের এবং সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায়।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ভারেলা দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করছেন। ফুটবলের ওপর ‘ফুটবল ইন্টেলিজেন্ট’ নামে একটি বইও লিখেছেন এই স্প্যানিশ কোচ।