গোলের আনন্দ রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের
গোলের আনন্দ রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের

সহজ জয়ে শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ

ম্যাচটা রিয়াল মাদ্রিদেরই জেতার কথা। গ্রানাদার বিপক্ষে সর্বশেষ ১৪ ম্যাচেই জয় ছিল লস ব্লাঙ্কোসদের। অতীত তো বটেই, বর্তমানেও গ্রানাদা কোনো হুমকি নয়। লা লিগার অবনমন অঞ্চলে থাকা অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে।

এমন একটি দলকে ঘরের মাঠে পেয়ে রিয়াল মাদ্রিদের জেতাটা স্বাভাবিক। ব্রাহিম দিয়াজ আর রদ্রিগোর গোলে কার্লো আনচেলত্তির দল সেই জয়টাই পেয়েছে ২-০ ব্যবধানে।

এ জয়ের সুবাদে লা লিগা পয়েন্ট তালিকায় ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রিয়াল। এর আগে দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছিল জিরোনা।

গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের দাপটের ইতিহাস প্রায় পুরোটাই একপক্ষীয়। মুখোমুখি ২৬ দেখার ২৩টিতেই জয় রিয়ালের। যেখানে ম্যাচপ্রতি ৩.২ গোল নিয়ে মোট গোল ৮৪টি। তবে এমন আধিপত্যের অতীত থাকলেও আজ ২৭তম ম্যাচে গোল পেতে কিছুটা হিমশিমই খেতে হয়েছে রিয়ালকে। প্রথম গোলটি আসে ২৬ মিনিটে। টনি ক্রুসের বাড়ানো বল ধরে সামনে এগিয়ে বল জালে পাঠান দিয়াজ।

রিয়ালকে প্রথম গোলটি এনে দেন ব্রাহিম দিয়াজ

ছন্দে থাকা জুড বেলিংহামের সামনেও অবশ্য সুযোগ আসে। তবে ৪১ মিনিটে সুযোগ নষ্ট করেন তিনি। অবশ্য ইংলিশ মিডফিল্ডারের ৫৭ মিনিটের আক্রমণ থেকেই দ্বিতীয় গোল পায় রিয়াল। বেলিংহামের শট গ্রানাদা গোলকিপার ঝাঁপিয়ে রুখে দিলে ফাঁকায় পেয়ে যান রদ্রিগো। জোরালো শটে বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পাঁচটিসহ সর্বশেষ পাঁচ ম্যাচে সাত গোল করলেন রদ্রিগো, যেখানে গোলে সহায়তাও আছে ৪টি।

১৫ ম্যাচ শেষে রিয়াল ও জিরোনা দুই দলের পয়েন্ট ৩৮ করে। ১৩ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ ও ১৪ ম্যাচ খেলা বার্সেলোনার পয়েন্ট ৩১ করে।