রেফারির শেষ বাঁশি বাজতেই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন বগুড়ার রক্সি ফুটবল একাডেমির মেয়েরা। আনন্দের আতিশয্যে নেচেগেয়ে মাঠের ভেতর কিশোরী ফুটবলারদের সেই উদ্যাপন চলল অনেকটা সময়। তাঁদের এই উল্লাসের উপলক্ষটাও বিশাল।
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। এর আগে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি শেষ আটের টিকিট কেটেছিল।
আজ বিকেলে রাজশাহী অঞ্চলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রক্সি ফুটবল একাডেমি ২-১ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে।
শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে আঞ্চলিক ফাইনালটি জমে ওঠে। নবম মিনিটে পাপিয়া আক্তারের গোলে এগিয়ে যায় বগুড়ার রক্সি। তবে গোলটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
তিন মিনিট পর চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে সমতায় ফেরান নুরীনা বেগম। ৩৫ মিনিটে আলেফা আক্তার রক্সির হয়ে দ্বিতীয় গোলটি করেন। বাকি সময়ে এই গোল ধরে রেখেই শেষ হাসি হেসে মাঠ ছাড়েন বগুড়ার মেয়েরা।
এর আগে দুপরে দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি ৩-০ গোলে রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমিকে হারায়। দুটি গোল করে ম্যাচসেরা হন জয়ী দলের আঁখি আক্তার।
সকালে দিনের প্রথম আঞ্চলিক সেমিফাইনালে জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমিকে ৪–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় রক্সি ফুটবল একাডেমি। সেই ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন রক্সির আলেফা আক্তার। আর বিকেলের ফাইনালে গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন পাপিয়া আক্তার।
সেরা খেলোয়াড়ের ট্রফি ও আর্থিক পুরস্কার হাতে নিয়ে পাপিয়ার চোখেমুখে ছিল একরাশ বিস্ময়। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘ম্যাচসেরা হব ভাবিনি। এই পুরস্কার আমার জন্য অপ্রত্যাশিত। তবে পুরস্কারটি পেয়ে ভীষণ ভালো লাগছে।’
পাপিয়ার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার শিউলি আজিম, নাবিল গ্রুপের হেড অব মার্কেটিং আক্তারুজ্জামান ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মোজাম্মেল হক। পুরস্কার বিতরণী শেষে তরুণী ফুটবলারদের উদ্দেশে শিউলি আজিম বলেন, ‘আমি চাই তোমরা একদিন জাতীয় দলে খেলবে। দেশের প্রতিনিধিত্ব করবে। তেমন প্রতিভা তোমাদের মধ্যে আছে। দুদলের খেলাই খুব ভালো হয়েছে।’
অক্টোবরের শেষ সপ্তাহে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল বা চূড়ান্ত পর্বের খেলা হবে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে।