পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিলেন কোর্তোয়া
পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিলেন কোর্তোয়া

কাতার বিশ্বকাপ ২০২২

কোর্তোয়ার পারফরম্যান্সে সেরা হওয়ার প্রত্যয়

‘এ ট্রফিটা আমাকে জিততেই হতো। নিজের সম্মান রাখার জন্যই। আমার মনে হয় না আমি যথেষ্ট সম্মান পাচ্ছি, বিশেষ করে ইংল্যান্ডে’—এ বছর মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলকে হারানোর পর কথাটা বলেছিলেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

এর কয়েক দিন আগেই ইংল্যান্ডের একটি পত্রিকা সময়ের সেরা ১০ গোলরক্ষকের তালিকা করতে গিয়ে তাঁকে রাখেনি। সেটা কোর্তোয়াকে কতটা খেপিয়ে দিয়েছিল, তা বোঝা গেছে চ্যাম্পিয়নস লিগের ওই ফাইনালের পর। রাগটা ছিল ইংল্যান্ডের সংবাদমাধ্যমের ওপর, কোর্তোয়া সেটা ঝাড়লেন ইংলিশ একটা ক্লাবের ওপর।

সেদিন ফাইনালে লিভারপুলের বিপক্ষে তাঁর সম্ভবত চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই কোনো গোলরক্ষকের সেরা পারফরম্যান্সটা দেখিয়েছেন কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের গোলমুখে নেওয়া নয়টা শট একাই ফিরিয়েছিলেন, যার সাতটা বক্সের ভেতর থেকে নেওয়া, যার অন্তত তিনটা ১০০ বারের মধ্যে ৯৯ বারই গোল হওয়ার কথা। কিন্তু সেদিন মনে হচ্ছিল রিয়ালের গোলবারের নিচে ‘ফুটবল দেবতা’ স্বয়ং দাঁড়িয়েছেন! ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছিল ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে। তবে ভিনি নয়, সেই ম্যাচের নায়ক ছিলেন কোর্তোয়া, ফাইনালের সেরা খেলোয়াড়ও তিনিই।

কোর্তোয়া একটি পেনাল্টিসহ তিনটি দুর্দান্ত সেভ করেছেন

বেলজিয়ামও আসলে ঠিক ওই কোর্তোয়াকেই চায় এই বিশ্বকাপে। কেভিন ডি ব্রুইনা, এডেন হ্যাজার্ড, টবি আন্ডারভাইরেন্ড, মিচি বাতশুয়াই, রোমেলু লুকাকু ও কোর্তোয়াদের নিয়ে গড়া বেলজিয়ামের এই দলটাকে বলা হচ্ছে সোনালি প্রজন্ম। কিন্তু সেই প্রজন্ম একসঙ্গে চারটা বড় টুর্নামেন্ট (২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ, ২০১৬ ও ২০২০ ইউরো) খেলার পরও দেখা যাচ্ছে, অর্জন আসলে শূন্য।

রাশিয়ায় গত বিশ্বকাপে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, বাকি তিনটা টুর্নামেন্টে পথচলা থেমেছে কোয়ার্টার ফাইনালেই। কাতারে এই বিশ্বকাপটাকে তাই মনে করা হচ্ছে বেলজিয়ামের এই প্রজন্মের অনেকেরই শেষ সুযোগ। ৩০ বছর বয়সী কোর্তোয়া যদি পরের বিশ্বকাপে থাকেনও, এই সতীর্থদের অনেককেই পাবেন না। চার বছর পরের অপেক্ষায় না থেকে তাই এই বিশ্বকাপটাকেই শেষ সুযোগ হিসেবে নিচ্ছেন কোর্তোয়া নিজেও।

আর সেই সুযোগ কাজে লাগাতে কতটা মরিয়া বেলজিয়ান গোলরক্ষক, সেটা বোঝা গেছে এবার বিশ্বকাপে তাঁদের প্রথম ম্যাচেই, কানাডার বিপক্ষে। ম্যাচটা হারতে পারত বেলজিয়াম, জিতেছে শুধু গোলবারের নিচে ৬ ফুট ৭ ইঞ্চির কোর্তোয়া দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বলে। কানাডার আলফানসো ডেভিসের নেওয়া পেনাল্টি তো ঠেকিয়েছেনই, বেলজিয়ামকে বাঁচিয়েছেন আরও কয়েকটা সম্ভাব্য গোল হজম করা থেকে। সেদিন ম্যাচটা বেলজিয়াম জিতেছে মিচি বাতশুয়াইয়ের একমাত্র গোলে। তবে ম্যাচের মূল নায়ক বাতশুয়াই নন, আসলে কোর্তোয়াই।

দলের আস্থা অর্জন করতে কোর্তোয়াকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। তাঁর ফিজিওথেরাপিস্ট মা–বাবা দুজনেই শখে ভলিবল খেলতেন। দুজনেই চেয়েছিলেন ছেলে ভলিবল খেলোয়াড় হোক। সমবয়সী বাচ্চাদের চেয়ে উচ্চতা একটু বেশি ছিল কোর্তোয়ার, ভলিবলের জন্য সেটা বাড়তি সুবিধা। কিন্তু কোর্তোয়াকে বেশি টানত ফুটবল। ভলিবলে না গিয়ে ফুটবল বেছে নেওয়ার জন্য তাই কোর্তোয়াকে সবার আগে মা–বাবার কাছে নিজেকে প্রমাণ করতে হয়েছে অল্প বয়সেই।

নিজের শহরের ক্লাব ভিলজেনে লেফট ব্যাক হিসেবে খেলা শুরু করেছিলেন। তবে যখন বেলজিয়ান লিগের ক্লাব জেঙ্কের একাডেমিতে ভর্তি হলেন, সেখানকার কোচ তাঁকে গোলকিপার হিসেবে খেলানো শুরু করেন। সেটাও শারীরিকভাবে তিনি একটু বড়সড় হওয়ার কারণেই। কোর্তোয়ার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় আসলে ওই সিদ্ধান্তেই। জেঙ্ক থেকে চেলসি, সেখান থেকে ধারে আতলেতিকো মাদ্রিদে তিন মৌসুম কাটিয়ে আবার চেলসিতে ফেরা।

অনুশীলনে কোর্তোয়া

চার মৌসুম চেলসির গোলবার সামলানোর পর ২০১৮ সাল থেকে রিয়াল মাদ্রিদে। শুরুতে কেইলর নাভাসের কারণে বেঞ্চে বসে থাকতে হয়েছে বছরখানেক। কিন্তু এরপর থেকে তিনিই রিয়ালের এক নম্বর পছন্দ, বেলজিয়ামের এক নম্বর পছন্দ তো সেই ২০১৪ বিশ্বকাপের আগে থেকেই।

পার্থক্য শুধু রিয়ালের হয়ে ক্লাব ফুটবলের প্রায় সব ট্রফিই জিতেছেন, বেলজিয়ামের হয়ে তাঁর প্রাপ্তি শুধু ২০১৮ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার।

এবারও প্রথম ম্যাচেই কোর্তোয়া বুঝিয়ে দিয়েছেন, সেরা হতেই তিনি এসেছেন। তবে নিজে সেরা হওয়ার চেয়ে বিশ্বকাপের ট্রফিটা যদি তাঁর দল জিততে পারে, সেটাই হবে বেশি আনন্দের।

বর্ণাঢ্য ক্যারিয়ারে কোর্তোয়ার অধরা রয়ে গেছে তো শুধু ওই ট্রফিটাই।