৩৩ বছর পর সিরি ‘আ’র শিরোপা জয়ের পর নাপোলি সমর্থকদের উচ্ছ্বাস
৩৩ বছর পর সিরি ‘আ’র শিরোপা জয়ের পর নাপোলি সমর্থকদের উচ্ছ্বাস

ফুটবল যেভাবে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীকে ধরিয়ে দিল

ইতালিতে ‘মোস্ট-ওয়ান্টেড’ ব্যক্তিদের তালিকার অন্যতম তিনি। দক্ষিণ ইতালির শহর নেপলসের একটি অপরাধ চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন ৬০ বছর বয়সী ভিসেনজো লা পোর্তা। কর ফাঁকির মামলায় ১৪ বছরের জেলও হয়েছে তাঁর। ১১ বছর ধরে ফেরার তিনি।

এই লা পোর্তা অবশেষে ধরা পড়েছেন। তাঁকে ধরিয়ে দিয়েছে মূলত ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা। ইতালির ক্লাব নাপোলির সমর্থক লা পোর্তা। গত মৌসুমে ৩৩ বছর পর ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপা জেতে নাপোলি। এই শিরোপা জয় উদ্‌যাপন করতে গিয়েই পুলিশের কাছে ধরা পড়ে যান লা পোর্তা।

পলাতক লা পোর্তা বাস করছিলেন গ্রিসে। নাপোলি শিরোপা জয়ের পর গ্রিসের দ্বীপ কোরফুতে এক রেস্তোরাঁর বাইরে ক্লাবের রুমাল উড়িয়ে উদ্‌যাপন করেন লা পোর্তা। সেই ছবি দেখে ইতালির পুলিশ তাঁকে চিহ্নিত করে। এরপর বিষয়টি তারা গ্রিসের পুলিশকে জানায়। পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে গতকাল লা পোর্তাকে গ্রেপ্তার করে গ্রিসের পুলিশ।

লা পোর্তাকে গ্রেপ্তারের পর নেপলসের পুলিশ বলেছে, ‘আমরা কখনোই (তাঁকে) গ্রেপ্তারের আশা ছেড়ে দিইনি। আমরা শুধু তাঁর একটা ভুলের অপেক্ষায় ছিলাম।’ সেই ভুলটি লা পোর্তা অবশেষে করে ফেলেছেন। নেপলসের পুলিশ বলেছে, অবশেষে তারা (গ্রিস পুলিশ) তাঁকে কোরফু দ্বীপে খুঁজে পেয়েছে। তাঁকে আসলে ধরিয়ে দিয়েছে ফুটবল ও নাপোলির প্রতি তাঁর ভালোবাসা।