ফুটবলার পরিচয় পেছনে ফেলে কার্লোস তেভেজ কোচ হিসেবে যাত্রা শুরু করেন গত বছরের ২১ জুন। সে সময় তেভেজ দায়িত্ব নেন আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের। তবে ৫ মাস পর প্রিমিয়ার ডিভিশন শেষে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক এই আর্জেন্টাইন ফুটবল তারকা। তবে এবার আরও বড় চ্যালেঞ্জ নিয়ে কোচের দায়িত্বে ফিরেছেন তেভেজ।
গত মঙ্গলবার আর্জেন্টিনার শীর্ষ পাঁচ ক্লাবের একটি হিসেবে বিবেচিত হওয়া ইন্দেপেনদিয়েন্তের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তেভেজ। দায়িত্ব নেওয়ার পর অভিষেক ম্যাচে দলকে জয়ও এনে দিয়েছেন। তবে যাত্রাটা যে মাত্র শুরু, তা তেভেজ নিজেও জানেন। দলকে নিয়ে যেতে চান অনেক দূর। আর কোচিংয়ে এসে নিজের আদর্শ হিসেবে আন্তোনিও কন্তেকেও কৃতিত্ব দিয়েছেন তেভেজ।
একসময় পরাশক্তি হিসেবে বিবেচিত হওয়া ইন্দেপেনদিয়েন্তে লম্বা সময় ধরে নিজেদের পথ হারিয়ে ফেলেছে। সর্বশেষ লিগ জেতার সময়টারও দুই দশক পেরিয়ে গেছে। এমন পরিস্থিতি দলকে পথে ফেরানোর দায়িত্ব বর্তেছে তেভেজের কাঁধে। তাঁর নেতৃত্বে এখন শুরুটাও ভালোভাবে হয়েছে সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকার।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে ২–১ গোলের জয়ের পর তেভেজ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা জিতেছি। তবে আমাদের কঠিন পরিশ্রম করে যেতে হবে। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি এবং দল যেভাবে খেলেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় এমন নিবেদনের সঙ্গে খেলা খুব গুরুত্বপূর্ণ। তবে এখনো আমাদের সামনে ১২টি ফাইনাল (লিগের প্রতিটি ম্যাচকে ফাইনালের সঙ্গে তুলনা করেছেন তেভেজ) ম্যাচ অপেক্ষা করছে।’
তেভেজ নিজে ছিলেন ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়। কিন্তু ইন্দেপেনদিয়েন্তেকে প্রথম ম্যাচে খেলিয়েছেন রক্ষণাত্মক কৌশল। এদিন ৫ জন ডিফেন্ডার নিয়ে মাঠে নামে তেভেজের দল। এমন রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামা নিয়ে সাবেক এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমি যথেষ্ট সৌভাগ্যবান যে ভেলেজকে এর আগে খেলতে দেখেছি। আর আমরা যেহেতু খুব বেশি প্রস্তুতির সুযোগ পায়নি, তাই রক্ষণে ৫ জন নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে ফরোয়ার্ড খেলোয়াড়েরাও খুব ভালো করেছে।’
জয় দিয়ে শুরু করলেও এখনো উন্নতির অনেক জায়গা দেখছেন বলেও জানিয়েছেন তেভেজ, ‘এমন অনেক জায়গা আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে। তবে এটাও সত্যি, আমরা জিতেছি, আর ছেলেরা দেখিয়েছে তারাও করে দেখাতে পারে। আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখছি। আমি সব সময় তাদের পাশে আছি। কাজ এবং নিবেদন দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। তবে পা আমরা মাটিতেই রাখতে চাই। এখনো বহুদূর যাওয়া বাকি।’
ফুটবলে কোচ হিসেবে শুরুটা নতুন হলেও কৌশল বেশ ভালোভাবেই রপ্ত করে এসেছেন তেভেজ। এ ক্ষেত্রে ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তের দর্শন তাঁকে সহায়তা করেছে বলেও মন্তব্য করেছেন তেভেজ। তিনি নিজেও কন্তের অধীন জুভেন্টাসে ৫ ডিফেন্ডারসহ খেলা ম্যাচে খেলেছেন। তেভেজ বলেছেন, ‘আন্তোনিও এমন একজন, যে আমাকে ফুটবল বুঝতে সহায়তা করেছে। আমি যখন বিশ্লেষণ করি, তখন দেখলাম ভেলেজের উইংয়ে সমস্যা আছে। তাই ম্যাচের ওপর ভিত্তি করে কৌশল গ্রহণ করেছি।’