শিরোপার পথে দারুণভাবে এগিয়ে গেল বার্সা
শিরোপার পথে দারুণভাবে এগিয়ে গেল বার্সা

শিরোপার পথে এগিয়ে বার্সা–বায়ার্ন–ইন্টার

ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের শিরোপা–লড়াইয়ের নিষ্পত্তি হতে যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যে। শেষ দিকে এসে বড় কোনো নাটকীয়তার দেখা এখনো মেলেনি। প্রত্যাশিত দলগুলোই শীর্ষস্থান ধরে রেখে এগিয়ে যাচ্ছে শিরোপার পথে। লা লিগায় রিয়াল মাদ্রিদকে আরও কোণঠাসা করে ফেলেছে বার্সেলোনা।

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য আন্তর্জাতিক বিরতির পর এখনো ম্যাচ খেলেনি শিরোপাপ্রত্যাশী আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। তবে আগের হিসাবে এগিয়ে আর্সেনালই। সিরি ‘আ’ ও বুন্দেসলিগায় আগে থেকে শিরোপার পথে আছে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। লড়াইয়ের আভাস আছে কেবল ফরাসি লিগ ‘আঁ’তে। পিএসজি-লাঁসের দ্বৈরথ রোমাঞ্চকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

লা লিগা

লা লিগায় শনিবার রাতে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের ১৮তম দল মায়োর্কার কাছে ২–১ গোলে হেরে গেছে হারা। একই রাতে আবার বার্সেলোনা জিতেছে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

২–১ গোলের এই জয়ের পর পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬, আর রিয়ালের ৬৯। মৌসুমের ৮ ম্যাচ বাকি থাকতে এই পার্থক্য বিশাল। শিরোপা জিততে হলে এখান থেকে নাটকীয় কিছুর অপেক্ষা করতে হবে রিয়ালকে।

প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগে ২২ বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধারের আশায় আছে আর্সেনাল। তবে সাম্প্রতিক সময়ে লিগ কাপ ও এফএ কাপ থেকে পরপর বিদায় নিয়ে বড় ধাক্কা খেয়েছে তারা। এরপরও বড় কোনো ভুল না করলে লিগ শিরোপা তাদের হাতেই ওঠার কথা। ৩১ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬১। অর্থাৎ আর্সেনাল এই মুহূর্তে এগিয়ে ৯ পয়েন্টে। এখান থেকে কেবল নিজেদেরই দোষেই শিরোপা হাতছাড়া করতে পারে মিকেল আরতেতার দল।  

সিরি ‘আ’

সিরি ‘আ’তে ইন্টার মিলানের শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। এই মুহূর্তে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে এগিয়ে আছে ইন্টার। ৩১ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট এখন ৭২। সর্বশেষ ম্যাচে এএস রোমাকে ৫–২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অন্যদিকে এসি মিলান নিজেদের শেষ ম্যাচে ৩–২ গোলে হারিয়েছিল তোরিনোকে। মিলানের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৩। ইন্টার একাধিক ম্যাচে হোঁচট না খেলে মিলানকে দ্বিতীয় হয়েই লিগ শেষ করতে হবে।  

বুন্দেসলিগা

বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখ জিতেছে ৩–২ গোলে। এই জয় বায়ার্নকে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে দিয়েছে অনেকটাই। ২৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৩। প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৬৪, যারা নিজেদের সর্বশেষ ম্যাচে স্টুটগার্টকে হারায় ২–০ গোলে। তবে ডর্টমুন্ডকে আপাতত বায়ার্নের দিকেই তাকিয়ে থাকতে হবে।

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’

ফরাসি লিগ ‘আঁ’তে নিজেদের সর্বশেষ ম্যাচে লিলের কাছে ৩–০ গোলে হেরেছে লাঁস। এই হার লাঁসের শিরোপা–স্বপ্নে বড় ধাক্কা। এর আগে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে লাঁসের পয়েন্টের পার্থক্য ছিল ১, যা লিলের কাছে হারের পর এখন ৪। লাঁসের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৯, পিএসজির ২৭ ম্যাচে ৬৩।  পিএসজি নিজেদের ম্যাচে তুলুসকে হারিয়েছে ৩–১ গোলে। এ ধারা অব্যাহত রেখেই এখন শিরোপা নিশ্চিত করতে চাইবে পিএসজি।