দলে কয়েকজন ফুটবলার অসুস্থ। বর্তমানে তারা কেমন আছে?
উগো লরিস: আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তাদের কাউকে সকালের খাবারের সময় দেখিনি। এ ধরনের ভাইরাসের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসিনি। এরপরও আমরা ভাইরাসের প্রভাব ঠেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ভাইরাসের কারণে ফাইনাল নিয়ে আমাদের মনোযোগ কিংবা রোমাঞ্চ একটুও কমে যাচ্ছে না। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ বলে রোমাঞ্চ আরও বেশি।
আর্জেন্টিনা দলটাকে কীভাবে মূল্যায়ন করছেন?
লরিস: আর্জেন্টিনা বেশ সুসংগঠিত একটা দল। রক্ষণে বেশ শক্তিশালী, মাঠে আক্রমণাত্মকও। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অসংখ্য দুর্দান্ত ফুটবলার আছে। আগে যেমন ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, এখন লিওনেল মেসি। প্রতিপক্ষ কে সেটা বিষয় নয়, একজন ফরাসি হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলাটাই বিশেষ কিছু। আর আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল হওয়ায় ম্যাচটির সৌন্দর্য আরও বেড়েছে। আশা করছি, ফ্রান্সের ফুটবল ইতিহাসের সফল একটা গল্প আগামীকাল (আজ) লেখা হবে।
পুরো বিশ্ব মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চায়, আপনাকে কি সবার বিপক্ষেই খেলতে হবে?
লরিস: আমাদের দেশ আমাদের পাশে আছে, তাই অন্য কিছুর গুরুত্ব খুব একটা নেই। অনেক দূর যাওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ শুরু করেছিলাম। টানা দুবার বিশ্বকাপ ফাইনালে খেলব, এটা খুব কম মানুষই বিশ্বাস করেছে। ফাইনালে জয় পেতে আমরা আমাদের সবটাই করব। আমরা জানি ফুটবল ইতিহাসে মেসির অবস্থান কোথায়, কিন্তু এই ম্যাচটা হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে।
মাঠে নামার আগে দলকে কী বলবেন?
লরিস: সাধারণত লকার রুমে কী হয়, তা খুব একটা হিসাবে আনা হয় না। আমরা প্রতিমুহূর্তে বাঁচি। চার বছর আগে আমাদের বিশ্বকাপ জয়কে উদাহরণ হিসেবে নিয়ে আসা যেতে পারে। তবে আমরা আমাদের গল্পটা আবার লিখতে চাই। এখন পর্যন্ত যা অর্জন করেছি, তার গুরুত্ব অনেক। তবে বিশ্বকাপ ফাইনাল সবচেয়ে কঠিন।
বিশ্বকাপ ইতিহাসে কোনো অধিনায়কই দুবার শিরোপা জিততে পারেননি। আপনার সামনে সেই সুযোগ এসেছে। কেমন অনুভূতি হচ্ছে?
লরিস: ২০১৮ বিশ্বকাপে শিরোপা জিততে পেরে আমি গর্বিত। কিন্তু আমি শুধু বর্তমান নিয়েই ভাবছি। যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ হচ্ছে, ততক্ষণই কাজটা কঠিন। আপনাকে সব ফলাফলের জন্যই প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে যেকোনো কিছু সহ্য করার জন্য, নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য।
বিশ্বকাপ শুরুর পর থেকেই আপনারা অদম্য এক শক্তিতে আবির্ভূত হয়েছেন, ফাইনালের আগে সেটা দলকে উদ্বুদ্ধ করছে কি না?
লরিস: আমরা আগেই প্রমাণ করেছি, ফ্রান্স দলের সঙ্গে যারা আছে, তারা সবাই কঠিন মানসিকতার। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের জন্য এই মানসিকতা কাজে লেগেছে।
মেসিকে নিয়ে বাড়তি কোনো পরিকল্পনার প্রয়োজন আছে কি?
লরিস: এটা দুটি দুর্দান্ত ফুটবল জাতির লড়াই। অবশ্যই যখন আপনি এই মানের ফুটবলারদের মুখোমুখি হবেন, তাকে নিয়ে সতর্ক তো থাকতেই হবে।