ডি–বক্স থেকে

আর্জেন্টিনা এত ভালো খেলবে ভাবিনি

বিশ্বকাপের শেষ রোমাঞ্চের সাক্ষী হতে গতকাল দোহা এসেছি। এ শহরে এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে। তবে এবার একটু অন্য রকম লাগছে। বিমানবন্দর থেকে হোটেলে আসার পথে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছিল। বিশ্বকাপ শেষের পথে বলে ধরেই নিয়েছিলাম, রাস্তাঘাটে সমর্থকের মেলা দেখব না। কার্যত সেটাই হয়েছে। শহরে যানজট নেই, সুনসান রাস্তাঘাট। শান্ত পরিবেশ দেখলাম বিমানবন্দরেও। বিমান নামার পর সব আনুষ্ঠানিকতা শেষ করতে আমার মাত্র পাঁচ-সাত মিনিট লেগেছে। যে পথ দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়েছি, সেখানে বিশ্বকাপের তেমন কিছু চোখে পড়েনি।

দোহা শহরটা বেশ সুন্দর। আবহাওয়া এই মুহূর্তে ভালো। আমাদের শীত আসার আগে যেমন লাগে, অনেকটা তেমন। শার্টের ওপর একটা হালকা জ্যাকেট চাপিয়ে বেরিয়ে পড়া যায়। এ রকম পরিবেশে দোহায় নামার পর মনের ভেতর ভাসছিল আগের রাতের আর্জেন্টিনা–ক্রোয়েশিয়া ম্যাচটা। কিন্তু বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটা যেমন দেখব ভেবেছিলাম, সেটা হয়নি। একটু হতাশই লাগল। ম্যাচটা প্রথম ২০–২৫ মিনিট বাদে একতরফাই হয়েছে। আর্জেন্টিনা খুব বেশি ভালো খেলে ফেলেছে। ভাবিনি, এতটা ভালো খেলবে নীল–সাদা জার্সিধারীরা। আর্জেন্টিনা যদি এমন আগুনে ফুটবল খেলে, তাহলে সাধ্য কী ক্রোয়েশিয়ার!

মেসি–আলভারেজের দুর্দান্ত গোলে ফাইনালে আর্জেন্টিনা

গত তিন–চার বছরের মধ্যে সেরা ম্যাচ দেখলাম লিওনেল মেসির। সে একাই পার্থক্য গড়ে দিয়েছে। আসলে ক্রোয়েশিয়া মেসিকে বিশেষ পাহারায় রাখতে গিয়ে হুলিয়ান আলভারেজকে ছেড়ে দিয়েছিল। আলভারেজ তাই মুক্ত হয়ে খেলেছে, জোড়া গোল করেছে। পর্তুগাল–মরক্কো কোয়ার্টার ফাইনালের আগে বলেছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদোকে একাদশে রাখা উচিত। তাহলে রোনালদোর ওপর অতিরিক্ত মনোযোগ রাখবে মরক্কো, এই ফাঁকে পর্তুগালের অন্য কেউ ফাঁকা জমি পেয়ে গোল করে ফেলবে। কিন্তু রোনালদোকে সেদিন একাদশে না রেখে বিরতির পর নামানো হয়। ফলে সেদিন প্রথমার্থে পর্তুগালকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। উদাহরণটা এ জন্যই দিলাম, মাঠে একজন সুপারস্টার থাকা মানে তার দিকে বাড়তি পাহারা রাখবেই প্রতিপক্ষ। আর সুযোগ নেবে অন্য কেউ, আলভারেজ যেটা নিল ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ম্যাচের আগে ক্রোয়েশিয়াকে আমি ৫ ভাগ এগিয়ে রেখেছিলাম আর্জেন্টিনার চেয়ে। অনেকে ভ্রু কুঁচকেছিলেন। আমি যে অঙ্কে ক্রোয়েশিয়াকে এগিয়ে রেখেছিলাম, সেই অঙ্ক মেলেনি। ক্রোয়েশিয়া এদিন খেলতেই পারেনি। পুরোপুরি বাজে দিন গেছে তাদের। এটা আসলে হতেই পারে। প্রথম ২০–২৫ মিনিট ছাড়া ক্রোয়েশিয়া কোনো প্রভাবই ফেলতে পারেনি ম্যাচে। আর ৩৯ মিনিটে আর্জেন্টিনা দ্বিতীয় গোলটা করার পর ম্যাচই কার্যত শেষ।

গত রাতে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কো কোনো প্রভাব রাখতে পেরেছে কি না, তা এরই মধ্যে জেনে গেছেন সবাই। ভালো হয়, যদি ফ্রান্স জিতে থাকে। তাহলে ফাইনালের মতো ফাইনাল হবে। আশা করছি, ফ্রান্স–আর্জেন্টিনা ফাইনালই দেখব। শুধু আমি নই, গোটা পৃথিবীই এমন একটা ফাইনাল দেখার অপেক্ষায়। দোহায় এসে যে কজনের সঙ্গে কথা হয়েছে, তারাও দেখলাম আর্জেন্টিনার সামনে ফ্রান্সকে চায়। কাল রাতে সত্যিই ফাইনালে উঠে থাকলে মেসির মতো কিলিয়ান এমবাপ্পেও মনে হয় না সহজে শিরোপার দাবি ছাড়বে। সুযোগ পেলে পরপর দুটি ফাইনাল কেন জিততে চাইবে না সে!