দলের পারফরম্যান্সে হতাশ ক্লপ
দলের পারফরম্যান্সে হতাশ ক্লপ

লিভারপুল শিরোপা দৌড়ে নেই—বলে দিলেন ক্লপ

মৌসুমের শুরুটা কী বাজেই না হলো লিভারপুলের! কয়েক মৌসুম ধরে শিরোপার বড় দাবিদার হিসেবে লড়াই করা দলটিই এবার শুরু থেকে নিজেদের হারিয়ে খুঁজছে। এক ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও পরের ম্যাচে সমর্থকদের উপহার দিচ্ছে হতাশা। ইয়ুর্গেন ক্লপের ‘হেভিমেটাল ফুটবলের’ সুর-তাল সবই যেন কেটে গেছে।

সর্বশেষ গতকাল রাতে আর্সেনালের কাছে তাদের মাঠে লিভারপুল হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। এই হারের পর একরকম হালই ছেড়ে দিয়েছেন লিভারপুল কোচ ক্লপ। অসহায় আত্মসমর্পণের সুর থাকল ক্লপের কথায়ও। মেনে নিলেন, লিগের দৌড় থেকে ছিটকে গেছে তাঁর দল!

৮ ম্যাচে ২ জয়, ৪ ড্র এবং ২ হারে ১০ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান এখন প্রিমিয়ার লিগে ১০ নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে লিভারপুল পিছিয়ে আছে ১৪ পয়েন্টে। সামনের ম্যাচগুলোতে এই ব্যবধান ঘোচানোর আর কোনো আশা দেখছেন না ক্লপ।

আর্সেনালের উচ্ছ্বাস, লিভারপুলের হতাশা

ম্যাচ শেষে জার্মান কোচ বলেছেন, ‘আমরা আর শিরোপাদৌড়ে নেই। এ মুহূর্তে আমাদের সমস্যা আছে। তবে (লড়াই) চালিয়ে যেতে হবে। যে অবস্থাতে এখন আছি তাতে আমরা মোটেই খুশি নই।’

মিডফিল্ড এবং ফরোয়ার্ড লাইনে সামলে নিতে পারলেও রক্ষণ সমস্যার কোনো কূলকিনারা করতে পারছেন না ক্লপ। রক্ষণের দুর্বলতার কারণে আর্সেনালের প্রায় প্রতিটি আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল।

এমনকি ম্যাচে লিভারপুল যে তিনটি গোল হজম করেছে, তিনটিতেই রক্ষণের ভুল ছিল। নিজেদের রক্ষণ নিয়ে ক্লপ, ‘আমরা খুবই হতাশ। তিনটি গোলেই আমরা মারাত্মক ভুল করেছি। প্রথম গোলটা যেভাবে খেয়েছি, সেটা প্রত্যাশিত ছিল না। বাজে শুরু ছিল।’

ম্যাচের একপর্যায়ে লিভারপুলকে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। বিশেষ করে প্রথমবার সমতা ফেরানোর পর বলের নিয়ন্ত্রণ রেখে দারুণ কিছু আক্রমণও করেছে ‘অল রেড’রা। তবে আর্সেনালের পাল্টা আক্রমণের মুখে শেষ পর্যন্ত টিকতে পারেনি ক্লপের দল।

লিভারপুল–আর্সেনাল ম্যাচের একটি মুহূর্তে রেফারির সঙ্গে কথা বলছেন ক্লপ ও আরতেতা

সুযোগ পেয়েও ম্যাচে ইতিবাচক ফল না পাওয়ায় হতাশ ক্লপ বলেছেন, ‘আর্সেনালের মতো আত্মবিশ্বাসে ভরপুর এবং আক্রমণাত্মক একটি দলের বিপক্ষে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছিলাম। আমরা দেখিয়েছি, কেন এখানে এসেছি। দারুণ একটি গোলে ম্যাচে সমতাও ফিরিয়ে আনি। এরপর ম্যাচটা উন্মুক্ত ছিল, আমরা সুবিধাজনক জায়গাতেই ছিলাম। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে একটি ভুল সিদ্ধান্ত আমাদের ডুবিয়ে দেয়। আমরা কী করেছি? সম্ভাব্য সবচেয়ে বাজেভাবে শুরু করেছি এবং সবচেয়ে বাজেভাবে ম্যাচটা শেষ করেছি।’