ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

মেসিকে আটকাতে এমএলএসের ‘ভিলেন’ হবেন ডালাসের খেলোয়াড়েরা

লিওনেল মেসির জাদুর কাঠির ছোঁয়ায় যেন জেগে উঠেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন জাদুকর দলটিতে খেলতে শুরু করার পর কোনো ম্যাচ হারেনি তারা। লিগস কাপের গ্রুপ পর্বের দুই ম্যাচের পর শেষ বত্রিশেও জয় পেয়েছে মায়ামি। ওই তিন ম্যাচে তারা গোল করেছে ৯টি। এর মধ্যে ৫টিই মেসির।

এই ধারাবাহিকতায় লিগস কাপের শেষ ষোলোতে এবার মেসির মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। ম্যাচটি হবে ডালাসের মাঠে। মায়ামির জার্সিতে এই প্রথম প্রতিপক্ষের মাঠে খেলতে যাবেন মেসি। এ ম্যাচের আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে যেন একটা হুমকিই দিয়ে রাখলেন ডালাসের কোচ নিকোলাস এস্তেভেজ।

এফসি ডালাসের কোচ নিকো এস্তেভেজ

ডালাসের স্প্যানিশ কোচ এস্তেভেজ ডিস্পোর্টস রেডিওর সঙ্গে আগামীকালের মায়ামি–ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে মেসির প্রশংসাই করেছেন, ‘পেপ (গার্দিওলা) এরই মধ্যে এটা পরিষ্কার করেছে, যে দলে মেসি থাকবে, সেই দল সব সময়ই ফেবারিট।’

ভ্যালেন্সিয়া ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ এস্তেভেজ এরপর বলেন, ‘লিওনেল মেসির এমএলএসের ইতিহাসে আমরা ভিলেন হতে চেষ্টা করব।’

মায়ামি ও ডালাস ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের রোমাঞ্চ অনেক। ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে ১০ মিনিটের মধ্যে। ম্যাচটিকে ঘিরে এই আগ্রহ যে মেসির জন্য, তা না বললেও চলে। এ কারণেই এস্তেভেজও বলেছেন, ‘মেসির আগমন সবকিছু বদলে দিয়েছে।’