কিংসের জয়ের নায়ক দরিয়েলতন (৯ নম্বর), করেছেন হ্যাটট্রিক।
কিংসের জয়ের নায়ক দরিয়েলতন (৯ নম্বর), করেছেন হ্যাটট্রিক।

ফর্টিসকে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল কিংস

পাঁচ গোলের রোমাঞ্চকর এক লড়াই, আর সেই লড়াই শেষে নায়ক একজনই—দোরিয়েলতন গোমেজ। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাটট্রিকে কিংস অ্যারেনায় আজ প্রিমিয়ার লিগের ম্যাচে ফর্টিস এফসিকে ৩–২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা মজবুত করার পাশাপাশি শিরোপার দৌড়েও এগিয়ে গেল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা ফর্টিসের সমান ম্যাচে পয়েন্ট ২১।

ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঢেউ। প্রথমার্ধে দুই দলই লড়েছে সমানে সমান। তবে ১৯ মিনিটে প্রথম ধাক্কাটা দেয় ফর্টিস। পা ওমরের রক্ষণ চেরা পাস থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফর নিখুঁত শটে বল জালে জড়ান। ১–০ গোলে পিছিয়ে পড়ে কিংসের ডাগআউটে তখন কিছুটা দুশ্চিন্তার মেঘ।

ফর্টিসের দারুণ গোল উদযাপন।

তবে ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি কিংস। ২৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে আক্রমণে ওঠা রাকিব হোসেনকে ডি-বক্সে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি। ২৬ মিনিটে স্পটকিক থেকে দোরিয়েলতন গোল করে কিংসকে সমতায় ফেরান। এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাকিবকে টেনেহিঁচড়ে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন আবদুল্লাহ ওমর। ১–১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দারুণ জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল কিংস।

বিরতির পর খেলার ধার বাড়ায় কিংস। ৫২ মিনিটে ফয়সাল আহমেদের মাপা ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দোরিয়েলতন। ২–১ গোলে এগিয়ে যাওয়া কিংস তখন ম্যাচ জয়ের নেশায় মত্ত। কিন্তু ফর্টিসও দমে যাওয়ার পাত্র নয়। ৭৫ মিনিটে ভুটানি উইঙ্গার দাওয়া শেরিংয়ের কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক শটে জাল কাঁপান অনন্ত তামাং। ২–২ সমতায় ফেরে ম্যাচ।

দরিয়েলতনকে নিয়ে সতীর্থদের গোল উদযাপন।

গ্যালারির ফর্টিস সমর্থকেরা যখন সমতা নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছেন, তখনই দৃশ্যপটে আবার সেই ব্রাজিলিয়ান জাদুকর। সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরেই (৭৮ মিনিট) ফর্টিসের রক্ষণকে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দোরিয়েলতন। তাঁর ওই গোলেই ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত হয় কিংসের।

একইদিন মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পিডাব্লুডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ। লিগে ১১ ম্যাচে এটি আবাহনীর পঞ্চম জয়; তিনে থাকা দলটির পয়েন্ট এখন ১৯। আরামবাগ ১১ ম্যাচ খেলে দুই জয়ে যোগাড় করেছে ৯ পয়েন্ট। তারা আছে নয় নম্বরে।