বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের তারকারা
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের তারকারা

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

সুযোগ না পাওয়াদের যে কারণে ফোন করেননি পচেত্তিনো

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রতিযোগিতার সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। গতকাল রাতে ঘোষিত ২৬ সদস্যের এই দলে আছেন দলের মূল তারকা ক্রিস্টিয়ান পুলিসিক, টাইলার অ্যাডামস ও ওয়েস্টন ম্যাককেনি।

২৬ জনের মধ্যে ১৩ জনই ২০২২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোতে ওঠা দলের সদস্য ছিলেন। বাকি ১৩ জন এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইংল্যান্ডের ক্লাবে খেলা মোট পাঁচজন খেলোয়াড়কে দলে রেখেছেন পচেত্তিনো।

এই তালিকায় আছেন বোর্নমাউথের মিডফিল্ডার টাইলার অ্যাডামস, ফুলহামের লেফটব্যাক অ্যান্টোনি রবিনসন, লিডস ইউনাইটেডের মিডফিল্ডার ব্রেন্ডান অ্যারনসন, ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস এবং কভেন্ট্রির হাজি রাইট।

এদিকে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে ফোন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোচ পচেত্তিনো। তিনি জানান, বাদ পড়া ২০ জনের বেশি খেলোয়াড়কে তিনি ব্যক্তিগত কল না দিয়ে ই–মেইলের মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়েছেন। পচেত্তিনো আরও বলেন, এ ধরনের সিদ্ধান্তের পর তিনি নিজেও কোনো কোচের কাছ থেকে ফোন পেতে চান না।

এর আগে খেলোয়াড়দের সঙ্গে নিজেদের যোগাযোগের ধরনের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন পচেত্তিনো। তবে খেলোয়াড়দের সঙ্গে পচেত্তিনোর আচরণের নীতি আগের মতোই অপরিবর্তিত আছে, যা তিনি ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই অনুসরণ করছেন।

যুক্তরাষ্ট্রের ছেলেদের ফুটবল দলের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো

পচেত্তিনোর ভাষ্য, ‘প্রথম দিন থেকেই খেলোয়াড়দের সঙ্গে পরিষ্কার যোগাযোগ গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই যোগাযোগ যদি স্বচ্ছভাবে তৈরি করা যায়, তাহলে আমরা যে পদ্ধতিতে কথা বলি, তা পরিবর্তন করার প্রয়োজন নেই। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেকোনো দলে জায়গা পাওয়া।’

এ সময় বড় টুর্নামেন্টের দল থেকে নিজের বাদ পড়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি। খেলোয়াড় হিসেবে পচেত্তিনো ১৯৯৪ ও ১৯৯৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ দলে জায়গা পাননি। তিনি বলেন, ‘আমি একজন খেলোয়াড় ছিলাম। যখন আমি দলে সুযোগ পাইনি, তখন কোচের ফোনও চাইতাম না। আমি যদি জিজ্ঞেস করি “কেন আমি দলে নেই?”, তাহলে তারা কী বলবে? তারা তো মিথ্যা বলবে…আর যদি আমি ফোন করি, সেটা শুধু নিজের জন্য।’

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এরপর ১৯ জুন তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জুন তাদের প্রতিপক্ষ তুরস্ক।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল

গোলরক্ষক : ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিস, ম্যাট টার্নার

ডিফেন্ডার : ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি

মিডফিল্ডার : টাইলার অ্যাডামস, সেবাস্টিয়ান বার্হাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলডান, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিক, জিও রেইনা, মালিক টিলম্যান, টিমোথি ওয়েহ, আলেহান্দ্রো জেন্দেয়াস

ফরোয়ার্ড : ফোলারিন বালোগুন, রিকার্ডো পেপি, হাজি রাইট