প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বরের ম্যাচটিতে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালয়েশিয়া। আজ পূর্বঘোষিত সূচিতে কিছু পরিবর্তন এনে চূড়ান্ত সূচি ঘোষণা করেছেন আয়োজকেরা।
আগেই জানা গিয়েছিল ফিফা আসিয়ান কাপের দুটি ডিভিশনের মধ্যে প্রিমিয়ার ডিভিশনে খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘এ’তে প্রতিপক্ষ মালয়েশিয়ার পাশাপাশি সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। চূড়ান্ত সূচিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের সব ম্যাচই একই ভেন্যুতে হবে।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও আগামী ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ হবে জাকার্তার গেলোরা বাং কামো স্টেডিয়ামে। তবে প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হলেও শেষেরটি সন্ধ্যা সাড়ে ছয়টায়।
প্রিমিয়ার ডিভিশনে মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ৫ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। তার আগে একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ ফাইনালে খেলবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের রানার্সআপ।
ফিফা আসিয়ান কাপের চ্যালেঞ্জ ডিভিশনে দুই গ্রুপে খেলবে হংকং, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই ও পূর্ব তিমুর। এই ডিভিশনের ম্যাচগুলো হবে হংকংয়ে।