
ভারতীয় ফুটবলে আমূল বদল আনতে চাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সে লক্ষ্যে ২০৪৭ সাল পর্যন্ত, ২৪ বছরের একটি মহাপরিকল্পনা তৈরি করেছে তারা। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বিশ্বমানের ফুটবলার তুলে আনার জন্য আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারকে আনছে তারা। ওয়েঙ্গার ফিফার ডেভেলপমেন্ট প্রধান হিসেবেও কাজ করছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, ওয়েঙ্গার এ মুহূর্তে ফিফার সঙ্গে কাজ করলেও ব্যক্তিগতভাবে ভারতের ভবিষ্যতের ফুটবলার তৈরিতে কাজ করবেন।
এআইএফএফ প্রধান কল্যাণ চৌবে গতকাল শনিবার এই মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এই পরিকল্পনায় আছে ভারতীয় ফুটবলের অবকাঠামো আমূলে বদলে ফেলার নানা কর্মসূচি। পুরুষ ফুটবলে এশিয়ার শীর্ষ দশে জায়গা করে নেওয়া, নারী ফুটবলে শীর্ষ আটে ওঠা এবং ২০২৬ সালের মধ্যে ভারতীয় ফুটবলের আয় ৫০০ শতাংশ বৃদ্ধি করার মতো লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই মহাপরিকল্পনাটি তিন ভাগে ভাগ করা হয়েছে। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি পরিকল্পনাটি ২০২৬ সাল পর্যন্ত। মধ্যমেয়াদি পরিকল্পনা ২০৩৬ সাল পর্যন্ত, আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ২০৪৭ সাল পর্যন্ত।
চৌবে বলেছেন, এআইএফএফ ফিফার ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে কথা বলেছে। আগামী মাস থেকেই ওয়েঙ্গারের নেতৃত্বাধীন ফিফার ডেভেলপমেন্ট কোচরা ভারতে আসা শুরু করবেন। তাঁরা তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরির কাজ করবেন। এআইএফএফের লক্ষ্য হচ্ছে গোটা ভারতে আরও বেশি করে বিশ্বমানের ফুটবল–প্রতিভা তৈরি করা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ বলেছেন, ‘ভারতীয় ফুটবল ফেডারেশন তথ্য সংগ্রহ করে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করবে। আমাদের এই প্রকল্পে কাজ করবেন আর্সেন ওয়েঙ্গার, যিনি ফিফার ডেভেলপমেন্ট প্রধান। আর্সেনালের সাবেক এই কোচ ব্যক্তিগতভাবে এই প্রকল্পে সময় দেবেন।’
উল্লেখযোগ্য যা যা থাকছে ভারতীয় ফুটবলের ‘ভিশন ২০৪৭’–এ
ক) তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার বিষয়ে বাড়তি উদ্যোগ
খ) ২০৩৬ সালের মধ্যে পুরুষ ফুটবল এশিয়ার সেরা দশ—এ জায়গা করে নেওয়া
গ) ২০৩৬ সালের মধ্যে নারী ফুটবলে এশিয়ার সেরা আট—এ জায়গা করে নেওয়া
ঘ) ১৪টি করে ক্লাব নিয়ে আইএসএল ও আই লিগ আয়োজন করা
ঙ) সারা ভারতে ৫০ হাজার কোচ তৈরি করা, যাঁদের ৪ হাজারের কমপক্ষে এএফসি ‘সি’ লাইসেন্স থাকবে
চ) প্রতি জেলায় ৫০টি করে উন্নত মানের ফুটবল মাঠ তৈরি করা
ছ) সারা দেশে ৩০টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ১২টি স্মার্ট স্টেডিয়াম তৈরি করা
জ) প্রতি রাজ্যে ফুটবলের ‘সেন্টার অব এক্সেলেন্স’ তৈরি করা
ঝ) ছেলে ও মেয়ে দুই দলকেই অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলানো