দুই দিন মিলিয়ে হ্যাটট্রিক করেছেন সিনসিনাটির ব্র্যান্ডন ভাসকেজ
দুই দিন মিলিয়ে হ্যাটট্রিক করেছেন সিনসিনাটির ব্র্যান্ডন ভাসকেজ

লিগস কাপের এক ম্যাচে দুই দিন মিলিয়ে হ্যাটট্রিক

৯০ মিনিটের খেলা ফুটবল। বেশির ভাগ ক্ষেত্রে প্রবল বৃষ্টির মধ্যেও খেলাটি চলে। ফিফার নিয়ম অনুযায়ী, বল পানিতে ভেসে না থাকলেই মাঠে খেলা চালানো যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রে চলমান লিগস কাপে একটা ম্যাচ গড়াল দুই দিনে। সেটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে।

বজ্রঝড়ের কবলে পড়ায় সিনসিনাটি ও শিভাসের ম্যাচটি গতকাল ৬০ মিনিট হওয়ার পর খেলা বন্ধ করে দেন রেফারি। ম্যাচের বাকি অংশ শেষ হয়েছে আজ। ম্যাচটিতে ৩–১ গোলে শিভাসকে হারিয়েছে সিনসিনাটি।

দুই দিনে শেষ হওয়া ম্যাচে অন্যরকম একটি ঘটনাও ঘটেছে। এ ম্যাচে দুই দিন মিলিয়ে হ্যাটট্রিক করেছেন সিনসিনাটির ব্র্যান্ডন ভাসকেজ। আগের দিন খেলা বন্ধ হওয়ার সময় তাঁর জোড়া গোলে ২–০ ব্যবধানে এগিয়ে ছিল সিনসিনাটি।

আজ খেলা শুরু হওয়ার পরপরই ব্যবধান কমায় শিভাস। কিন্তু ৭৩ মিনিটে অসাধারণ এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভাসকেজ। ক্লাবটির ইতিহাসে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় তিনি।

দুই দিন মিলিয়ে হ্যাটট্রিক করা নিয়ে ম্যাচ শেষে ভাসকেজ বলেছেন, ‘এটা কিছুটা হলেও অদ্ভুত। কিন্তু এর জন্য আমি তৈরিই ছিলাম।’ ম্যাচ শেষে সিনসিনাটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘টিকিউএল স্টেডিয়ামের আট মাইল এলাকার মধ্যে প্রায় ৬০০০ বজ্রপাত হয়েছে। এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের লোকজনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।’