আরেকটি ম্যাচ জেতার অপেক্ষায় লিওনেল মেসি
আরেকটি ম্যাচ জেতার অপেক্ষায়  লিওনেল মেসি

বলছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেনোত্তি

মেসিদের দল ’৭০—এর ব্রাজিলের মতো নয়

উত্তেজনা–রোমাঞ্চে আর্জেন্টাইন সমর্থকেরা এখন পার করছে প্রতিটি মুহূর্ত। একটি ম্যাচ জিতলেই ঘুচবে ৩৬ বছরের আক্ষেপ। এই ম্যাচ সামনে রেখে কথা বলেছেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের কোচ সেজার লুইস মেনোত্তি। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ দেওয়া এই কোচ মেসিদের দলকে ভালো বললেও এটি ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল দলের মতো নয় বলে মন্তব্য করেছেন।

বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেসিরা। আর্জেন্টিনার দারুণ সাফল্যের রহস্য নিয়ে মেনোত্তি বলেছেন, ‘এই দলের সাফল্যের রহস্য এবং যা আমাকে আনন্দিত করেছে তা হলো, দলটি যেভাবে ইতিহাসকে শ্রদ্ধা করে। আপনি তাদের বন্ধুত্ব এবং দলগত প্রতিশ্রুতির দিকে তাকালেই বুঝতে পারবেন। এ কারণে বিশ্বকাপটা আমি উপভোগ করেছি, আজকের ফল যা–ই হোক। তারা একদল বন্ধু, যারা একই দলের হয়ে ফুটবল খেলছে। তারা আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারছে।'

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি

স্কালোনির দল ‘ভালো ফুটবল খেলছে’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমরা ভালো দল। তবে আমরা ১৯৭০ সালের ব্রাজিল দল নই। আর ফ্রান্স খুব ভালো দল এবং ভালো কিছু খেলোয়াড় আছে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে।’

ফ্রান্স দলের কোনো দুর্বলতা খুঁজে পাচ্ছেন না জানিয়ে মেনোত্তি আরও যোগ করে বলেছেন, ‘তাদের দলে খুব ভালো খেলোয়াড় আছে এবং তারা এমন দল, যারা জেতার জন্য খেলে। তারা প্রত্যাশার চাপে নুয়ে পড়ে না। আমি বলেছি, তাদের কোনো দুর্বলতা নেই। তবে সব সময় জেতার জন্য খেলতে গিয়ে কিছু ফাঁকা জায়গা তৈরি হয়, যা কি না আপনাকে সহায়তা করতে পারে।’

বিশ্বকাপে এটা মেসির শেষ ম্যাচ, এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে মেনোত্তি বলেছেন, ‘আমি তাকে চিনি না। তার সঙ্গে কখনো আমার কথা হয়নি। সে কী ভাবছে, তা–ও আমি জানি না। তবে যেভাবে সে জীবন যাপন করে এবং যে অনুশীলন করে, আমার ধারণা সে ৪০ বছর পর্যন্ত চাইলে খেলতে পারে।’