ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

‘মেসির খেলা কেউ কপি করতে পারবে না’

লিওনেল মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে ইন্টার মায়ামি! ফ্লোরিডার ক্লাবটিতে নাম লেখানোর পর ১২ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। সতীর্থদের ৫টি গোলে সহায়তাও করেছেন। এরই মধ্যে মায়ামির হয়ে জিতেছেন একটি শিরোপা, তুলেছেন আরেকটি টুর্নামেন্টের ফাইনালে।

এখন ইন্টার মায়ামির সমর্থক আর মেসির ভক্তরা অপেক্ষায় আছেন, দলটিকে তিনি এমএলএসের প্লে–অফে নিতে পারবেন কি না। কিন্তু মেসির ফিটনেস এখন সেই অপেক্ষায় দুশ্চিন্তাও যোগ করে দিচ্ছে।

টরন্টোর বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন মেসি

কাল সকালে টরন্টো এফসির বিপক্ষে মায়ামির ৪–০ গোলে জেতা ম্যাচ চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেসি। খেলতে পেরেছেন মাত্র ৩৭ মিনিট। তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনো জানা যায়নি। জানা যায়নি এই চোট নিয়ে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা–ও। তবে মেসি চোটে পড়ার পর থেকেই একটি আলোচনা শুরু হয়ে গেছে—ইন্টার মায়ামি মেসিকে ছাড়া কত দূর এগোতে পারবে?

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফে খেলা থেকে এখনো বেশ দূরে আছে মায়ামি। মেসিবিহীন মায়ামিকে সেই দূরত্ব পার করিয়ে কে নিয়ে যাবে প্লে–অফে? এমন একটি প্রশ্ন করা হয়েছিল মায়ামির ফিনিশ মিডফিল্ডার রবার্ট টেলরকে।

টরন্টোর বিপক্ষে মায়ামির ৪–০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন টেলর

এ বছর মায়ামির হয়ে ৩৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন টেলর। তিনি কি পারবেন মেসির বিকল্প হতে? টেলরের সরল কথা—মেসির খেলার কপি কেউ করতে পারবে না! মেসির অভাব পূরণ করার জন্য কতটা প্রস্তুত—এমন এক প্রশ্নের উত্তরে টেলর বলেছেন, ‘আমার মনে হয় না তার খেলা কপি করার জন্য খুব বেশি পরামর্শ সে দিতে পারবে। কারণ, তার (মেসি) খেলার কপি কেউ করতে পারবে না।’

মায়ামি গতকাল ৪–০ ব্যবধানের জয়ে সব কটি গোলই পেয়েছে মেসি চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর। এই ৪ গোলের ২টিই করেছেন টেলর। এমনটা পরের ম্যাচগুলোয় করতে পারবেন কি না, প্রশ্নের উত্তরে টেলর বলেছেন, ‘আবার এটা করার চেষ্টা করব। কিন্তু এর নিশ্চয়তা আমি দিতে পারি না। বিষয়টা নিশ্চয়ই মেসির মতো নয়। সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু কখনো কখনো তাকে ছাড়া খেলতে হবে আমাদের। দলের বাকিদের এগিয়ে আসতে হবে এবং দলের জন্য ভালো ফলও নিয়ে আসতে হবে।’