নেইমার
নেইমার

ব্রাজিলের প্রথম অনুশীলন মিস করেছেন নেইমার

নেইমার কি ২০২৬ বিশ্বকাপে আসলেই খেলতে পারবেন?

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকার পরও এমন গুঞ্জন আবার ডালপালা মেলছে। কারণ, তেরেসোপোলিসে ব্রাজিলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি বিবৃতিও নেইমার সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।

১৭ মে সান্তোস–কুরিতিবা ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান নেইমার। এর পর থেকে মাঠের বাইরে আছেন এই ফরোয়ার্ড। চোটের বর্তমান পরিস্থিতি জানতেই ব্রাজিলের প্রথম অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। আরও বিশদ পরীক্ষা–নিরীক্ষা করতে যেতে হয়েছে হাসপাতালে।  

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলের মেডিক্যাল স্টাফ প্রধান রদ্রিগো লাসমারের সঙ্গে নেইমার ক্লিনিকে গিয়েছিলেন, সেখানে তাঁর এমআরআই স্ক্যান করানো হয়। সিবিএফ বিবৃতিতে বলেছে, ‘ব্রাজিল জাতীয় দলের মেডিক্যাল স্টাফ তাদের মূল্যায়ন সম্পন্ন না করা পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।’

নেইমার অবশ্য অনুশীলন ভেন্যুতে গিয়েছিলেন, তবে সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি। চূড়ান্ত মেডিক্যাল পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন কি না। তবে এই মুহূর্তে সম্ভাবনা নেই বললে চলে। বিশ্বকাপের আগে আগামী ৫ জুন মিসরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে ব্রাজিল।

অবশ্য চোটের কারণে বিশ্বকাপ মিস করার আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন নেইমার নিজেই। মঙ্গলবার সান্তোসের হোম ভেন্যু ভিলা বেলমিরোতে বসে দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে ম্যাচ দেখেছেন। সেখানে সাংবাদিকেরা প্রশ্ন করলে উল্টোপাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে নেইমার বলেন, ‘কিসের সমস্যা?’

কোচ কার্লো আনচেলত্তির অধীনে ক্যাম্পে রিপোর্ট করা ২৩ ফুটবলারের মধ্যে নেইমার ছাড়া প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন শুধু রাইট-ব্যাক দানিলো। মঙ্গলবার রাতে কোপা লিবার্তোদোরেসে কুসকোর বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড পূর্ণ করতে বাকি আছেন আর তিন ফুটবলার। পিএসজি ডিফেন্ডার মারকিনিওস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আগামী শনিবার বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে দলের সঙ্গে যোগ দেবেন।