ম্যানচেস্টার ইউনাইটেডে হঠাতই আলোচনায় লিসান্দ্রো মার্তিনেজ
ম্যানচেস্টার ইউনাইটেডে হঠাতই আলোচনায় লিসান্দ্রো মার্তিনেজ

সেই বিস্ফোরক মন্তব্যের কারণ জানালেন লিসান্দ্রো মার্তিনেজ

চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মুখ থেকে এমন মন্তব্য বলতে গেলে দেখাই যায় না।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের ঊর্ধ্বতনদের সমালোচনা করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ। এ নিয়ে ইউনাইটেডে বেশ আলোড়ন ওঠে। ঘটনার এক দিন পর এই আর্জেন্টাইন ডিফেন্ডার বলেছেন, রাগ ও হতাশা থেকে কথাগুলো বলেছিলেন তিনি। তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি মার্তিনেজ।

মাদ্রিদে ২-০ গোলে হারের পর ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের অভিযোগ ছিল, চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পরও দলকে শক্তিশালী করতে প্রত্যাশিত বিনিয়োগ করেনি ক্লাব। ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ ঊর্ধ্বতনদের কাছ থেকেও আরও বেশি কিছু প্রত্যাশা করেন বলে জানিয়েছিলেন তিনি।

মার্তিনেজের মন্তব্যে ক্লাবের ভেতরে ও বাইরে নানা আলোচনার পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘ম্যাচের পর আমি রাগ ও হতাশা থেকে কথা বলেছি। কারণ, আমরা যে ফল চেয়েছিলাম, তা পাইনি। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন, ফুটবলকে আমি আবেগ, প্রতিশ্রুতি আর জেতার প্রবল আকাঙ্ক্ষা থেকে দেখি। আর যখন প্রত্যাশামতো কিছু হয় না, তখন কষ্ট লাগে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ ক্লাবের প্রতিনিধিত্ব করার সময়।’

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মার্তিনেজ আরও বলেন, ‘আমার কথাগুলো আমার অনুভূতি এবং এই ক্লাবকে বড় শিরোপার লড়াইয়ে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষারই প্রতিফলন।’

এদিকে ক্রীড়া পরিচালকসহ ক্লাবের ঊর্ধ্বতনদের নিয়ে সমালোচনার পর ইউনাইটেডে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদ ও ড্রেসিংরুম—দুই জায়গাতেই তাঁর মন্তব্য নিয়ে ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে। এমনকি ম্যানচেস্টারে ফেরার জন্য দলের বিমানে ওঠার সময় অন্তত একজন সতীর্থ তাঁর মন্তব্যের প্রতিবাদও করেছেন।

ক্লাবের উর্ধ্বতনদের জড়িয়ে মন্তব্যের পর ব্যাখ্যা দিতে হয়েছে লিসান্দ্রো মার্তিনেজকে

সতীর্থদের সামর্থ্য নিয়ে মার্তিনেজের মন্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও জানিয়েছে স্কাই স্পোর্টস নিউজ। তাঁর বক্তব্য থেকে দলের বর্তমান খেলোয়াড়েরা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট নন—এমন ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করছেন কেউ কেউ।

ক্লাব কর্তৃপক্ষ মার্তিনেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ মৌসুমের শেষে শেষ হবে। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও সেটি ব্যবহার করা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, নতুন সেন্টারব্যাকের পাশাপাশি লেফটব্যাকও খুঁজছে ক্লাবটি।

এর আগে গত গ্রীষ্মের দলবদলে আতলেতিকোয় যাওয়ার চেষ্টা করেছিলেন মার্তিনেজ। তবে ইউনাইটেডের কাছে উপযুক্ত কোনো প্রস্তাব না আসায় তা হয়নি। আতলেতিকোয় যেতে চাওয়ার পেছনে তাঁর আর্জেন্টাইন সতীর্থ ও বন্ধু ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে খেলার আকাঙ্ক্ষাও ছিল বলে জানিয়েছে স্কাই স্পোর্টস নিউজ।