প্রায় সবকিছুই ঠিকঠাক হয়ে এসেছিল। কিন্তু এখন এসে উল্টে গেল পাশার দান। আন্দ্রেয়া পিরলোর আর ইতালির কোচ হওয়া হচ্ছে না।
ছেলেদের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবটা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির কাছ থেকে পেয়েছিলেন পিরলো। দেশটির সংবাদমাধ্যমও জানিয়েছিল, পিরলো নাকি সেই প্রস্তাবে রাজি হয়েছেন। তারপর আজ জানা গেল, রাজনৈতিক বিরোধ এবং রাশিয়ান জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ চুক্তির কারণে কোচ হওয়ার দৌড়ে আর নেই পিরলো।
সর্বকালের অন্যতম সেরা এ মিডফিল্ডার নিজেই আজ ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন, ‘গত রাতে আমি জানতে পেরেছি যে আমি আর ইতালি জাতীয় দলের কোচ পদের জন্য প্রার্থী নই।’
ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার রাশিয়ান জুয়া প্রতিষ্ঠান ‘ফনবেট’ এর দূত। ইতালির বেশ কয়েকজন রাজনীতিবিদ এ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য ছিল, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষে ইতালির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কোনো ভূমিকা জাতীয় দলের কোচের থাকা উচিত নয়।
পিরলো এখন আরব আমিরাতের দল দুবাই ইউনাইটেডের কোচ। ইতালির দায়িত্ব নিতে ক্লাবটির দায়িত্ব ছাড়তে তিনি প্রস্তুত ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। পিরলো এর আগে জুভেন্টাস ও সাম্পদোরিয়ার কোচের দায়িত্বে খুব একটা সফল বা জনপ্রিয় হতে পারেননি। তবে জুভেন্টাসকে জিতিয়েছেন ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপারকাপ।
ইনস্টাগ্রামে পিরলো এর আগে জানিয়েছেন, ফনবেটের সঙ্গে এই চুক্তির বিষয়টি সংযুক্ত আরব আমিরাতে তাঁর কাজের সঙ্গে সম্পৃক্ত এবং এটি ‘সম্পূর্ণভাবে বাণিজ্যিক ও ক্রীড়াসুলভ’ উদ্দেশ্যে করা। সেই পোস্টে তিনি দাবি করেছেন, ‘এই সহযোগিতায় রাজনৈতিক অর্থ খোঁজার অর্থ হলো,আমার ওপর এমন মতামত চাপিয়ে দেওয়া, যা আমি কখনো প্রকাশ করিনি এবং যা আমার নিজের বিশ্বাসেরও নয়।’
পিরলোর সঙ্গে যোগাযোগের আগে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিলেন এফআইজিসি টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি। এপি জানিয়েছে, পিরলো দৌড় থেকে ছিটকে পড়ার পর এখন ইতালির কোচ হওয়ার দৌড়ে আবার আলোচনায় ফিরে এসেছেন সাবেক দুই কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তে।
ইতালিয়ান ফুটবল এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ টানা তিনটি বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই পতন থেকে যত দ্রুত সম্ভব ইউরোপিয়ান ও বিশ্ব ফুটবলের অভিজাত অঙ্গনে ফিরতে চায় ইতালি। সে জন্য বড় মাপের কোচই চায় তারা।
মানচিনি ইতালিকে ২০২০ ইউরো জিতিয়েছেন। কন্তে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ইতালির কোচ হিসেবে কিছু জিততে পারেননি। তবে ইন্টার মিলান, নাপোলি এবং জুভেন্টাসকে লিগ জিতেয়েছেন ও চেলসিকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপাও।