বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ৪৪ দিন পর মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ফেরার দিনই গড়েছেন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে টানা ২৫ মৌসুমে গোলের কীর্তি গড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।
গতকাল রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে গোল করেন রোনালদো। তাঁর আগে টানা সবচেয়ে বেশি ২৪টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড ছিল সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের।
১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুম লিগে গোল করেছিলেন ইব্রা। গত বছর রোনালদো তাঁর পাশে বসেন। এবার রেকর্ড করে নিয়েছেন নিজের একার।
নতুন মৌসুমে আল নাসরের প্রথম দুই ম্যাচে খেলেননি রোনালদো। বাড়তি ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন। সৌদি আরবে ফেরার পর গতকালের ম্যাচে আঞ্জে পোস্তেকোগলু তাঁকে শুরুর একাদশে খেলাননি।
৬২ মিনিটে যখন বদলি হিসেবে মাঠে নামেন, ততক্ষণে আল নাসর এগিয়ে ৩-০ গোলে। আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাসরের হাতে। সেই আবহের মধ্যেই মাঠে নামার ২১ মিনিটে গোলের দেখা পান রোনালদো। ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার নিচু ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি।
এই গোল দিয়ে রোনালদোর পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৭। অর্থাৎ ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২৩ গোল।