গিনেস রেকর্ডধারী সাবেক টেবিল টেনিস চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু
গিনেস রেকর্ডধারী সাবেক টেবিল টেনিস চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু

সব খেলারই খবর চাই প্রথম আলোতে

রজতজয়ন্তীর শুভক্ষণে প্রথম আলোর সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রথম আলোর সঙ্গে আমার অনেক মধুর স্মৃতি। জীবনের অনেকটা সময় কাটিয়েছি এই পত্রিকাটির সঙ্গে। দিনের শুরুটাই হয় প্রথম আলোকে সঙ্গী করে। ঘুম থেকে উঠে প্রথম আলো দেখা, চায়ের সঙ্গে পত্রিকা পড়া—অনেক দিনের অভ্যাস বলতে পারেন। জীবনের এই নিয়মে মনে হয় না তাতে কোনো বদল আসবে। প্রথম আলোর সঙ্গে আছি, থাকব। যত দিন বেঁচে থাকব তত দিন।

প্রথম আলো হাতে নিয়ে প্রথম পাতায় চোখ বোলাই। দেশে কী হচ্ছে না হচ্ছে—সবকিছুর একটা প্রতিফলন পাই সেখানে। বিনোদন পাতা দেখি বাড়তি আগ্রহ নিয়ে, আর খেলার পাতা তো দেখিই। এমনও হয়, প্রথম আলো হাতে নিয়ে প্রথমেই চলে যাই খেলার পাতায়। খেলাধুলার উন্নয়নে প্রথম আলো ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠার পর থেকেই। এ কারণে প্রথম আলোর খেলার পাতা আরও বেশি ভালো লাগে।

যে পাতাটা বেশি পড়ি, সেটা নিয়ে অনুযোগও আছে আমার। নিজে খেলোয়াড় ছিলাম বলেই খেলার পাতার প্রতি বাড়তি আকর্ষণ বা পক্ষপাত বরাবরাই ছিল, এখনো আছে। কিন্তু অনেক সময় শুধু ক্রিকেটের খবর দিয়ে পাতা সাজানো দেখে খারাপ লাগে। আমার মনে হয়, অন্য খেলাগুলোকেও প্রথম আলোর আরও গুরুত্ব দেওয়া উচিত। কারণ, প্রথম আলো নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে পত্রিকাটি সবারই প্রিয়, সবার কাছেই গ্রহণযোগ্য। তাই অন্য খেলাগুলো সম্পর্কেও আমরা প্রথম আলোর কাছ থেকে জানতে চাই। অন্য খেলার মানুষেরাও আশা করে এই পত্রিকায় তাদের খবর ছাপা হোক।

প্রথম আলো আমার প্রিয়। তাই তাদের কাছেই যা বলার বলব, যা দাবি করার করব। অনেক সময় দেখেছি, ঢাকায় অন্য খেলার টুর্নামেন্টও হয়েছে কিন্তু পরদিন প্রথম আলোয় তার প্রতিফলন দেখিনি। শুধু টেবিল টেনিস নয়, অন্য সব খেলার কথাই বলছি। সেগুলোর খবর এলেও খুব ছোট করে আসে। অথচ ক্রিকেটের সাধারণ একটা খবরও গুরুত্বসহকারে পরিবেশন করা হয়। প্রথম আলোকে অনুরোধ করব ছোট খেলাগুলোকে আরও বেশি জায়গা দিতে।

আন্তর্জাতিক মহিলা কাবাডি উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্পনসর ওয়ালটনের ক্রীড়াদূত টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু

বর্তমান সময়ে ইন্টারনেটেই সবকিছু পাওয়া যাচ্ছে। তাই মানুষ পত্রিকা বিমুখ হয়ে পড়ছে। তবে যারা পত্রিকা পড়ার তারা ঠিকই পড়ে। একটা শ্রেণির মানুষের কাছে পত্রিকার চাহিদা কখনো কমবে না। তাদের কাছে পত্রিকা পড়া একধরনের আনন্দও। পত্রিকা হাতে নিয়ে পড়া, সময় কাটানো ভালো লাগে এসব পাঠকের। ব্যক্তিগতভাবে আমি পত্রিকা পড়ে যে মজাটা পাই, সেটা অন্য কোনো মাধ্যমে পাই না। আমি নিজে এখনো কোনো কিছু কম্পিউটারে লিখতে অভ্যস্ত নই, কিছু লিখতে চাইলে কাগজ-কলমই ব্যবহার করি। এটা আসলে যার যার ভালো লাগা। পত্রিকা পড়টাও তা–ই।

প্রথম আলো ভালো লাগার অন্যতম কারণ, এই পত্রিকাটি সব সময় সত্যের কথা বলে। অনেক সময় সত্যি বলতে গিয়ে তারা অনেক বিপদেও পড়েছে। তবু সত্যের পথ ছাড়েনি। এটা প্রশংসা করার মতো। অন্য কোনো পত্রিকা আমি পড়ি না, তাই অন্যদের সঙ্গে প্রথম আলোর তুলনাও করতে পারব না। তবে আমার বিশ্বাস, প্রথম আলোতে যা পড়ি, সবই সঠিক। প্রথম আলো সব সময় সত্যের পথে থাকবে, এটাই আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসটা যেন কখনো ভঙ্গ না হয়—এটাই চাওয়া।

প্রথম আলোকে আবারও শুভেচ্ছা।

লেখক: গিনেস রেকর্ডধারী সাবেক টেবিল টেনিস চ্যাম্পিয়ন