নাটকীয় সমাপ্তির পর নতুন দ্রুততম মানবী

দাদিকে দেওয়া কথা রাখলেন বোয়ি

ছিলেন লং জাম্পার। একসময় স্বপ্ন ছিল অলিম্পিকে দেশের হয়ে লং জাম্পে সোনা জিতবেন। সেভাবেই তৈরি হচ্ছিলেন। কিন্তু চোটের কারণে লন্ডনে ২০১২ অলিম্পিকের আগেই ছিটকে গেলেন যুক্তরাষ্ট্র দল থেকে। মিসিসিপির বাড়িতে বসে দাদির সঙ্গে টেলিভিশনেই দেখলেন ওই অলিম্পিকটা। লন্ডনেই সেবার মেয়েদের ২০০ মিটারের ফাইনাল দেখতে দেখতে ২১ বছর বয়সী বোয়ি তাঁর দাদিকে বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে, আমি এই মেয়েদের চেয়ে দ্রুত দৌড়াতে পারব।’ ‘পারলে প্রমাণ করে দেখাও না’—চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তাঁর দাদি।

পাঁচ বছর পর সেই লন্ডনেই অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মেয়েদের ১০০ মিটারে সোনা জিতে বিশ্বের দ্রুততম মানবী টোরি বোয়ি! এই ইভেন্টে রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন জ্যামাইকার এলেইন থম্পসন। যিনি এখানে হয়েছেন পঞ্চম! অলিম্পিকে থম্পসনের পেছনে থেকে রুপা নিয়ে ফিরতে হয়েছিল বোয়িকে। তবে এবার ঠিকই দাদিকে দেওয়া কথা রাখলেন। এখন তাঁর স্বপ্ন ২০০ মিটারেও সোনা জিতে ‘ডাবল’ পূর্ণ করা।

বোয়ির জয়ের চেয়েও নাটকীয় ছিল জয়ের ধরনটা। প্রায় পুরোটা সময় এগিয়ে ছিলেন আইভরিকোস্টের মেরি-জোসে তা লু। কিন্তু সমাপ্তিরেখার একেবারে কাছে এসে শরীরটা ঝুঁকিয়ে তাঁর আগে পৌঁছে যান বোয়ি। সাদাচোখে অবশ্য দেখে তখনো মনে হচ্ছিল তা লু জিতেছেন। দৌড় শেষ করে আইভরিয়ান স্প্রিন্টার উদ্‌যাপনও শুরু করে দিয়েছিলেন। কিন্তু ফটো ফিনিশে দেখা যায়, বোয়ি আগে সমাপ্তিরেখা ছুঁয়েছেন। তাঁর সময় লেগেছে ১০.৮৫ সেকেন্ড। বোয়ির চেয়ে সেকেন্ডের এক শ ভাগের এক ভাগ সময় বেশি লেগেছে তা লুর (১০.৮৬ সেকেন্ড)। হল্যান্ডের ড্যাফনে শিপার্স ১০.৯৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

আগের রাতে হেরে গেছেন উসাইন বোল্ট। পরশু হারলেন থম্পসনও। জ্যামাইকার গর্বের জায়গা ১০০ মিটার স্প্রিন্টের দুটি সোনাই কেড়ে নিল যুক্তরাষ্ট্র। ছেলে ও মেয়েদের দুটি ১০০ মিটারেই যুক্তরাষ্ট্রের সোনা জয়ের ঘটনা ২০০৫ সালে হেলসিঙ্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম। ওই আসরের পর এই প্রথম এই দুই ইভেন্টের কোনোটিতেই সোনা পেল না জ্যামাইকা!

বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা! সেটা এত নাটকীয়ভাবে জিতলেন বলেই বোয়ির আনন্দটা আরও বেশি, ‘আমি কিন্তু প্রথমে বুঝতেই পারিনি যে, আমি জিতেছি। তবে সমাপ্তিরেখা পার না হওয়া পর্যন্ত আমি কখনো হাল ছাড়ি না। তা লু এগিয়ে গেছে দেখেও আমি তাতে বিচলিত হইনি। আমি শেষ পর্যন্ত দৌড়ে গেছি।’

সমাপ্তিরেখা ছুঁতে সামনে বেশি ঝুঁকে পড়ায় ট্র্যাকে একেবারে মুখ থুবড়ে পড়েছেন। ব্যথাও পেয়েছেন ভালোই। তবে সে কারণে ২০০ মিটারে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস বোয়ির, ‘দু-এক জায়গায় কেটে গেছে আর থেঁতলে গেছে। তবে ২০০ মিটারের আগেই আমি ফিট হয়ে যাব।’

আগামী শুক্রবার হবে ২০০ মিটারের ফাইনাল। তবে ওই ইভেন্টে এবার নামছেন না রিও অলিম্পিকে সোনাজয়ী থম্পসন। এএফপি, রয়টার্স।