
ইরাকের সুলায়মানিয়ায় বাংলাদেশের আর্চারদের সোনালি সাফল্য। এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনার পদক জিতেছে বাংলাদেশ। আজ ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছেন বাংলাদেশের তিন আর্চার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। বাংলাদেশ আর্চারি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাফল্যের খবর জানিয়েছে।
২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডের প্রতিটিতেই কাজাখস্তানের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন তাঁরা। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে গলায় পরেছেন সোনার পদক।
প্রথম এন্ডে বাংলাদেশ পায় ৫৭ পয়েন্ট, কাজাখস্তান ৫৫। দ্বিতীয় এন্ডে বাংলাদেশের ৫৭ পয়েন্টের বিপরীতে কাজাখস্তান পায় ৫২। তৃতীয় এন্ডেও ব্যবধান বাড়ান বাংলাদেশের মেয়েরা। এবার তাঁরা পান ৫৮ পয়েন্ট, কাজাখস্তান ৫৬। চতুর্থ ও শেষ এন্ডে বাংলাদেশ আরও ৫৮ পয়েন্ট যোগ করে। কাজাখস্তান পায় ৫৭ পয়েন্ট।
সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট। কাজাখস্তানের ২২০। চারটি এন্ডেই এগিয়ে থেকে সোনা জেতেন বন্যা, মনি ও শ্রীপর্না।