রুপার পদক হাতে অ্যাডাম পিটি
রুপার পদক হাতে অ্যাডাম পিটি

করোনার কারণে হিটে ছিলেন না পিটি, ফাইনালে কি পুলে নামতে পারবেন

অ্যালকোহলে আসক্তি আর মানসিক অস্থিরতা কাটিয়ে পুলে ফিরেছেন আগেই। প্যারিসে এবারের অলিম্পিকে অ্যাডাম পিটি এসেছিলেন ইতিহাসে নিজের নামটি স্থায়ীভাবে খোদাই করে নিতে।

তাঁর প্রিয় ইভেন্ট ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতলেই সেটা হয়ে যেত। মাইকেল ফেল্‌প্‌সের পর দ্বিতীয় সাঁতারু হিসেবে সাঁতারের একই ইভেন্টে টানা তিনটি সোনা জয়ের কীর্তি হতো তাঁর। কিন্তু তিনি পারেননি, রুপা জিতেছেন পিটি।

হৃদয় ভাঙা সেই ইভেন্টের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছেন গ্রেট ব্রিটেনের সাঁতারু। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জয়ের পরের দিন করোনায় আক্রান্ত হয়েছেন পিটি। যার কারণে তিনি অংশ নিতে পারেননি ৪x১০০ মিটার মিশ্র মেডলি রিলের হিটে। পিটি না থাকলেও সোনা ধরে রাখার মিশনে সব হিটে পঞ্চম স্থানে থেকে ফাইনালে পৌঁছে গ্রেট ব্রিটেন। হিটে পুলে নামতে না পারলেও পিটির এই ইভেন্টের ফাইনালে খেলতে কোনো বাধা নেই। ফিট থাকলে আজ ৪x১০০ মিশ্র মেডলির রিলেতে অংশ নিতে পারেন তিনি।

বছরের শুরুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাঁতারের মিশ্র এই ইভেন্টেও পিটি অংশ নেননি। সেবার ব্রিটেন জিতেছিল রুপা। তবে টোকিও অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতা ব্রিটেনের হয়ে অংশ নিয়েছিলেন পিটি। করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন এই সাঁতারু। গ্রেট ব্রিটেনের অনুশীলন সেশনগুলোতে তাঁকে পুলেও দেখা গেছে। যে কারণে ফাইনালে তাঁকে পাওয়ার আশায় আছেন সমর্থকেরা।