বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান

কমনওয়েলথ গেমস

সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

লন্ডনে জন্ম, সেখানেই বেড়ে ওঠা ইমরানুর রহমানের। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান যেন আজ নিজের ঘরের মাঠেই খেলতে নেমেছিলেন। বার্মিংহামের কমনওয়েলথ গেমসে আজ বাংলাদেশের হয়ে ১০০ মিটার স্প্রিন্টের হিটে নেমেছিলেন তিনি। তাতে ইমরানুর সাতজনের মধ্যে হয়েছেন তৃতীয়, সময় নেন ১০.৪৬ সেকেন্ড। এই হিট থেকে সেরা দুজন স্প্রিন্টার সরাসরি কোয়ালিফাই করে সেমিফাইনালে উঠেছেন। এর মধ্যে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে পৌঁছান ওয়েলসের জারমিই আজু। তিনি সময় নেন ১০.৩৫ সেকেন্ড। আজুর চেয়ে ০.১১ সেকেন্ড বেশি সময় নিয়ে দৌড়েছেন ইমরানুর। সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ৭০ জন স্প্রিন্টারের মধ্যে ইমরানুর হয়েছেন ৩৩তম।

জানুয়ারিতে দেশের দ্রুততম মানব হন ইমরানুর রহমান

ইমরানুরের পারফরম্যান্সে খুব বেশি উন্নতি হয়নি। গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ওরিগনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটের প্রিলিমিনারি রাউন্ড থেকে প্রথম রাউন্ডে পৌঁছান তিনি। কিন্তু পরে কুঁচকির চোটে শেষ পর্যন্ত চূড়ান্ত হিটে দৌড়ানো হয়নি তাঁর। সেখানে প্রিলিমিনারি রাউন্ডের বাছাইয়ে ইমরানুর সময় নেন ১০.৪৭ সেকেন্ড। কিন্তু এবার ইমরানুরের টাইমিংয়ে উন্নতি হয়েছে মাত্র ০.০১ সেকেন্ডের!

ঢাকায় গত জানুয়ারি মাসে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.৫০ সেকেন্ড দৌড়ে ইমরানুর গড়েছিলেন নতুন জাতীয় রেকর্ড। সেবার ভেঙেছিলেন ২২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড। তখন থেকেই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিল। যখন বাংলাদেশের স্প্রিন্টাররা আন্তর্জাতিক অঙ্গনে বারবার হতাশা উপহার দিচ্ছিলেন, তখন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী এই অ্যাথলেটকে খুঁজে আনেন ফেডারেশন কর্মকর্তারা। এরপর গত মার্চে বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটারে ৬.৬৪ সেকেন্ড দৌড়ে সেমিফাইনালে ওঠেন ইমরানুর। তার পর থেকেই মূলত তাঁকে নিয়ে আশাবাদী হয়ে ওঠেন কর্মকর্তারা। বার্মিংহামে অন্তত সেমিফাইনালে উঠবেন, এমন একটা স্বপ্ন দেখেছিল ফেডারেশন। কিন্তু ইমরানুরের সেমিফাইনালে ওঠা হলো না। বিদায় নিলেন হিট থেকেই। ৯-১৮ আগস্ট তুরস্কে হবে ইসলামিক সলিডারিটি গেমস। এরপর এই গেমসে অংশ নেবেন ইমরানুর।