জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকি

পাকিস্তানের কাছে ছেলেদের হার, বিশ্বকাপের টিকিট পেতে সামনে জাপান-চ্যালেঞ্জ

জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশের ছেলেদের দল। তিনটিই ফিল্ড গোল। ৯ ও ১২ মিনিটে প্রথম দুই গোল করেন ওয়ালিদ রানা। ৫২ মিনিটে গুলাম মোস্তফা ৩-০ করেন।

চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে ৫ দলের গ্রুপে বাংলাদেশ চতুর্থ হয়েছে। একমাত্র জয়টি আসে গতকাল কাজাখস্তানের বিপক্ষে, যারা তাদের চার ম্যাচেই হেরেছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ চতুর্থ হয়েছে। বাংলাদেশকে এখন খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে বাংলাদেশ সবচেয়ে ভালো করলেও হবে পঞ্চম, খারাপ করলে অষ্টম। চলমান জুনিয়র এশিয়া কাপে (অনূর্ধ্ব-২০) আগামী পরশু জাপানের বিপক্ষে জয়-পরাজয়ের ওপরই নির্ভর করছে চীনের মোকি শহরে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।

পাকিস্তানের তিনটি গোল্ডই এসেছে ফিল্ড প্লে থেকে

যুব এশিয়া কাপ থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। গতবার ষষ্ঠ হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলেছিল। এবার জাপানকে হারাতে পারলে ষষ্ঠ স্থান নিশ্চিত হবে। জাপানের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য জীবন-মরণ লড়াই।

লড়াইটা জিতেই বিশ্বকাপের টিকিট পেতে চান বাংলাদেশ কোচ মওদুদুর রহমান। তাঁর মতে, গ্রুপ পর্বে ফল অনুকূলে না এলেও ছেলেরা ভালো খেলেছে। চীন থেকে ভিডিও বার্তায় মওদুদুর বলেন, ‘গ্রুপ পর্বে ফল হতাশাজনক হলেও ছেলেরা ভালো খেলেছে।

কিছু ভুলের কারণে এই ফল। জাপানের বিপক্ষে জিতলে ষষ্ঠ স্থান নিশ্চিত হবে আমাদের, আর ষষ্ঠ হলেই বিশ্বকাপে কোয়ালিফাই করব। বিশ্বকাপে খেলার শেষ সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করব। ওটা আমাদের জীবন–মরণ ম্যাচ। আশা করি ভালো খেলে জিতব।’

সেরা চারে শেষ করতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ ভাগ্যও ঝুলে আছে জাপান ম্যাচের ওপর। আজ হংকং চায়নাকে ৬-০ গোলে উড়িয়ে জুনিয়র নারী এশিয়া কাপে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সেমিতে ওঠার লড়াইয়ে আগামীকাল তারা সামনে পাচ্ছে জাপানকে। জাপানকে হারালেই প্রথমবার নারী যুব বিশ্বকাপের টিকিট মিলবে বাংলাদেশের।