জিন্নাত আক্তার
জিন্নাত আক্তার

এশিয়ান গেমস

সেমিফাইনালে হেরেছেন জিন্নাত, পদক পাবেন কাল

এশিয়ান গেমসে সোনা বা রুপার লড়াইয়ে ওঠা হলো না বাংলাদেশের উশু কন্যা জিন্নাত আক্তারের। আজ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে তিনি হেরে গেছেন চীনের বিশ্বমানের শীর্ষস্থানীয় প্রতিযোগী উ দি-র কাছে।

ফাইনালে ওঠা না হলেও জিন্নাতের ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল সেমিফাইনালে উঠেই। এই ইভেন্টে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না থাকায় দুই সেমিফাইনালের পরাজিত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পাবেন। আগামীকাল ফাইনাল শেষে জিন্নাতের গলায় আনুষ্ঠানিকভাবে ঝোলানো হবে ঐতিহাসিক এই ব্রোঞ্জ পদক।

সেমিফাইনালে প্রথম রাউন্ডে দুই মিনিট সময়ের মধ্যে ১ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত টিকে ছিলেন জিন্নাত। এই সময়ের মধ্যে দুবার পড়ে যান। ৪-০ পয়েন্টে জিতে যায় প্রতিপক্ষ। পরের দুই মিনিট আর খেলার প্রয়োজন পড়েনি।

সেমিফাইনালে হারলেও জিন্নাত আক্তারের হাত ধরে দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের ঝুলিতে ক্রিকেট ও কাবাডির মতো দলীয় ইভেন্টে সোনা-রুপা থাকলেও ব্যক্তিগত পদক ছিল মাত্র একটি। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে প্রথম ও শেষবারের মতো ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন।

এরপর দীর্ঘ চার দশক কেটে গেলেও কোনো বাংলাদেশি অ্যাথলেট একক ইভেন্টে মেডেলের দেখা পাননি। অবশেষে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সেই আক্ষেপ ঘোচালেন নেত্রকোনার ২৩ বছর বয়সী এই তরুণী।

এবারের আসরে জিন্নাতের ব্রোঞ্জ নিশ্চিতের পথটি ছিল বেশ নাটকীয়। ১৫ জন প্রতিযোগীর এই ইভেন্টে প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন জিন্নাত।

সেখানে তাঁর মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার খেলোয়াড় তারিসা দিয়া ফ্লোরেন্তিনার। তবে অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফাইড হয়ে যান। ফলে রিংয়ে না নেমেই জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয়, যা তাঁকে সরাসরি সেমিফাইনালে তোলার পাশাপাশি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দেয়।