ফটোফিচার

ফেদেরার–নাদালের কান্না আর ফেল্‌প্‌সের ঝটিকা প্যারিস সফর

রজার ফেদেরারের বিদায়বেলার কান্না ছুঁয়ে গেছে রবি শাস্ত্রীদের, ক্রিস্টিয়ানো রোনালদো ব্যস্ত উয়েফা নেশনস লিগের জন্য নিজেকে তৈরি করতে। আর হঠাৎ করেই প্যারিস সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সাঁতারু মাইকেল ফেল্‌প্‌স। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি নিয়ে ফটো ফিচার—
তৈরি—ছবিটি দিয়ে এটুকুই লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগাল। রোনালদো কিসের জন্য তৈরি, সেটা তো আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না
পরিবারের সদস্যদের সঙ্গে সানজু স্যামসন। পরিবার নিয়ে তাঁর অনুভূতিটা বুঝিয়ে দিয়েছেন এক বাক্যে, ‘দারুণ সুখী আর ভালোবাসার এক পরিবার। নিজেরা দারুণ কিছু সময় কাটিয়েছি।’
ইংল্যান্ডের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলছে ভারত। ঝুলন গোস্বামীর ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছবিটি দিয়েছেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। লিখেছেন, ‘একজন অনুপ্রেরণাদায়ী, একজন আদর্শ, একজন কিংবদন্তি। তোমার নামটি চিরজীবন ইতিহাসে খোদাই করা থাকবে।’
হঠাৎ করেই প্যারিস সফর করতে হলো, কিন্তু সফরটি যে খুব আনন্দদায়ক হয়েছে, সেটা মাইকেল ফেল্‌প্‌স না বললেও চলত। ছবিটাই যে বলে দিচ্ছে সব।
‘জাদুকরী এক সন্ধ্যা ছিল কাল। এ মুহূর্তটির সঙ্গে জড়িয়ে থাকা সব খেলোয়াড় আর সমর্থকদের আবারও ধন্যবাদ। আমার কাছে এটাই পৃথিবী।’ বিদায়বেলায় সতীর্থ–প্রতিপক্ষ খেলোয়াড় আর ভক্তদের ভালোবাসায় রজার ফেদেরার কতটা আপ্লুত, সেটা তাঁর এ লেখাতেই স্পষ্ট।
কারও ইনস্টাগ্রাম, কারও ফেসবুক, কারও টুইটার—এ ছবিটি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পাতায়। বিদায় নিতে গিয়ে কাঁদছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল কাঁদছেন তাঁকে বিদায় দিতে গিয়ে। দুই তীব্র প্রতিদ্বন্দ্বীর আবেগ যখন মিলেমিশে একাকার হয়ে যায়, খেলার সবচেয়ে সুন্দর মুহূর্ত রচিত না হয়ে পারে না! সবার আবেগ এক সুতোয় গেঁথে রবি শাস্ত্রী ছবিটি দিয়ে লিখেছেন, ‘এ ছবি খেলাধুলার মহত্ত্বের প্রতীক হয়ে থাকবে।’