হারিয়ে গেছে অ্যাথলেটিকসের সোনালি সেই দিনগুলো
হারিয়ে গেছে অ্যাথলেটিকসের সোনালি সেই দিনগুলো

অ্যাথলেটিকসের সেই দিন, এই দিন

নতুন দিনের আশায় প্রতিভার খোঁজ

বাংলাদেশেও একসময় ভালোই জনপ্রিয় অ্যাথলেটিকস এখন বলতে গেলে মৃতপ্রায়। অতীতের সেই সোনালি দিনগুলো শুধু দীর্ঘশ্বাসই ছড়ায়

কদিন ধরেই বাংলাদেশের অ্যাথলেটিকস ফেডারেশনে খুশির হাওয়া। না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কেউ কোথাও পদক জেতেননি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাস দুয়েকের মধ্যে নতুন ট্র্যাক বসে যাচ্ছে, খুশির কারণ এটাও নয়। সামনে সাফ জুনিয়র অ্যাথলেটিকস হতে পারে ঢাকায়, এমন সম্ভাবনাও অ্যাথলেটিকসকে আন্দোলিত করছে না। খুশির কারণ, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৫০০ উপজেলা, ৬৪ জেলা ও ৮ বিভাগে প্রতিভা খুঁজে আগামী দিনের জন্য অ্যাথলেট তৈরির নতুন উদ্যোগ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গিয়ে দেখা গেল, অ্যাথলেটিকস ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের মুখে চওড়া হাসি। সবার মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা। আগামীর স্বপ্ন। দেশের অ্যাথলেটিকসে হারিয়ে যাওয়া দিন ফিরিয়ে আনার আশাবাদ। ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া দায়িত্ব নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যেই যেন জাদুর কাঠি ছুঁইয়েছেন ঘুমিয়ে পড়া অ্যাথলেটিকসে।

৫০০ উপজেলা, ৬৪ জেলা ও ৮ বিভাগে প্রতিভা খুঁজে আগামী দিনের জন্য অ্যাথলেট তৈরির নতুন উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

‘শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস ক্রীড়া’ শুরু হয়ে গেছে গতকাল। এমন একটা কিছু খুব জরুরি ছিল বাংলাদেশের অ্যাথলেটিকসে। অ্যাথলেটিকস যে ‘মাদার অব দ্য গেম’, এটা সবাই প্রায় ভুলতেই বসেছে। গ্রামগঞ্জে আগের মতো আর অ্যাথলেটিকস হয় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও অ্যাথলেটিকস নেই। তৃণমূলে নেই অ্যাথলেটিকসের পৃষ্ঠপোষণা, খেলার সুযোগ-সুবিধা আর মাঠের অভাবের কথা তো বলাই বাহুল্য। ঢাকার বাইরে একটা অ্যাথলেটিক ট্র্যাকই তো হয়নি আজও।

অ্যাথলেটিকসের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে বিভিন্ন সংস্থা মুখ ফিরিয়ে নেওয়ায়। বিটিএমসি, বিজেএমসি, রেলওয়েসহ বহু সংস্থা হারিয়ে গেছে, যাদের পৃষ্ঠপোষণায় স্বাধীনতার পর অ্যাথলেটিকস হয়ে ওঠে আকর্ষণীয়। অ্যাথলেটদের বড় আশ্রয়স্থল বিজেএমসির ক্রীড়া দল বিলুপ্ত হয়ে যায় বছর তিনেক আগে। যেটি ছিল দেশের অ্যাথলেটিকসে সর্বশেষ ধাক্কা। সর্বোচ্চ ১৭ বার দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি এটিকেই দেশের অ্যাথলেটিকসের পতনের বড় কারণ হিসেবে চিহ্নিত করেন, ‘বিজেএমসি, বিটিএমসি তৃণমূল থেকে খেলোয়াড় এনে চাকরি দিত। বিশেষ করে আমাদের সময় বিজেএমসি অনেক কিছু করত। তারা সরে যাওয়ায় খেলোয়াড় উঠে আসার সিঁড়ি অনেকটাই বন্ধ হয়ে পড়েছে।’

এরই ফল, ১৬ বছর ধরে দক্ষিণ এশিয়ান গেমসে অ্যাথলেটিকসে কোনো সোনা নেই। সাফ গেমসে শাহ আলমের দুবার দ্রুততম মানব হওয়াটাকে আজ নিছক একটা গল্প মনে হয়। সাফে ২০০ মিটার জেতা মাহবুব আলমের মতো স্প্রিন্টারের জন্য হাহাকার বাড়ে। অথচ অ্যাথলেটিকসের ভালো একটা ঐতিহ্য ছিল। পাকিস্তান অলিম্পিক গেমসেও সোনা জিতেছেন পূর্ব বাংলার অ্যাথলেটরা। সেই সময়ে নারী অ্যাথলেটদের সাফল্য সবার কাছে নারীর উঠে আসার বার্তা হিসেবেও পৌঁছে যেত। গত মার্চে প্রয়াত ষাটের দশকের ক্রীড়াবিদ হামিদা বেগম মৃত্যুর আগে এই প্রতিবেদককে বলেছিলেন, ‘আমাদের সময় অ্যাথলেটিকস দেখতে মাঠে এত দর্শকের ভিড় ছিল যে গার্ড করে আমাদের ঢোকাতে হতো মাঠে।

আর এখন সব শূন্য। দেখে ভীষণ কষ্ট পাই।’ হামিদা বেগম কষ্ট পেতেন এটা দেখেও যে এখন জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনেক কমে গেছে। অনেক ইভেন্টে হিটেরই প্রয়োজন হয় না। গত মাসে বনানী আর্মি স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটারে হিট দূরে থাক, সব লেনই ভরেনি। মাত্র পাঁচজন দৌড়েছেন। প্রতিদ্বন্দ্বিতার মাত্রা কম হওয়ায় কেউ এসে সহজেই জিতে যান। একেকজন তাঁর ইভেন্টে রাজত্ব করে যান বছরের পর বছর।

ক্রিকেট, ফুটবলে অনেক টাকা। এখনকার ছেলেমেয়েরা সেদিকেই চলে যাচ্ছে। অ্যাথলেটিকসে সে তুলনায় কিছুই নেই। যে কারণে ছেলেমেয়েরা এই খেলায় আসছে না।
সুফিয়া খাতুন, বাংলাদেশের সাবেক দ্রুততম মানবী

৯ বছর ধরে দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। জাতীয়-সামার অ্যাথলেটিকস মিলিয়ে ১৪ বার জিতেছেন ১০০ মিটার। এর মধ্যে প্রথম ১২ বার টানা। কেউ টানা সেরা হলে এটা অবশ্যই তাঁর ব্যক্তিগত কৃতিত্ব। তবে একই সঙ্গে তা নতুন কেউ না উঠে আসার করুণ চিত্রও। এর মূল কারণ অ্যাথলেটিকস-বিমুখতা। ‘অ্যাথলেট হয়ে কী লাভ’, ‘এই খেলায় ভবিষ্যৎ নেই’—এমন বিশ্বাস তৃণমূলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তা অমূলকও নয়।

প্রযুক্তির এই সময়ে কিশোর-তরুণেরা মুঠোফোনে আসক্ত হয়ে এমনিতে মাঠে খেলার প্রতি অনাগ্রহী। আগ্রহীরা ক্রিকেট, ফুটবলেই বেশি যাচ্ছে। সাবেক দ্রুততম মানবী সুফিয়া খাতুন যেমন বললেন, ‘ক্রিকেট, ফুটবলে অনেক টাকা। এখনকার ছেলেমেয়েরা সেদিকেই চলে যাচ্ছে। অ্যাথলেটিকসে সে তুলনায় কিছুই নেই। যে কারণে ছেলেমেয়েরা এই খেলায় আসছে না। অথচ আমাদের সময়ে অনেক ছেলেমেয়ে আসত।’

ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চায়ের আড্ডায়, আলোচনায় চলে আসতেন অ্যাথলেটরা। জাতীয় প্রতিযোগিতা ঘিরে সাড়া পড়ত তৎকালীন ঢাকা স্টেডিয়ামে। গ্যালারিতে থাকত দর্শকের ভিড়। ক্রীড়া সাংবাদিকের কলমে ঘুরেফিরে আসত অ্যাথলেটদের নাম। সত্তরের দশকে টানা সাতবারের দ্রুততম মানব মোশররফ হোসেন (শামীম), ‘আমি পত্রিকার প্রথম পাতায় কত যে প্রচার পেয়েছি, হিসাব নেই। অনেকবার আমার ছবি ছাপা হয়েছে প্রথম পাতায়। সেটা ছিল আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। যে কারণে আমরা দ্বিগুণ উৎসাহ নিয়ে খেলায় ভালো করতে চাইতাম।’

অ্যাথলেটরা আজ আর প্রচারে নেই। তাঁদের জীবন-জীবিকায় রঙের ছোঁয়া পড়ে না। কোনোভাবে কোনো সংস্থায় একটা চাকরি নিয়ে বেঁচে থাকাই আজকের অ্যাথলেটদের লক্ষ্য। সেই অবস্থা বদলে নতুন দিনের আশাতেই ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষণায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সাত কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে। ফেডারেশনের নতুন উদ্যোগ প্রশংসার দাবি করে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। মৃতপ্রায় অ্যাথলেটিক জাগবে তো? আশা করতে দোষ কী! মানুষ তো আশা নিয়েই বাঁচে।