
আগামী বছর হকির জুনিয়র বিশ্বকাপে খেলতে হলে আজ ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতেই হতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। সেই ম্যাচে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি যুবারা।
৬-২ গোলের বড় হারে শেষ হয়ে গেছে বাংলাদেশের জুনিয়র বিশ্বকাপে খেলার আশা।
জাপান জেতায় আগামীকাল তাঁরা পঞ্চম থেকে ষষ্ঠ হওয়ার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দল হবে টুর্নামেন্টে পঞ্চম আর পরাজিত দল ষষ্ঠ।
বাংলাদেশের এখন আর মাত্র একটি ম্যাচ বাকি। আগামীকাল সপ্তম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে তারা। জিতলে সপ্তম হবে বাংলাদেশ, আর হারলে অষ্টম। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ হারানো বাংলাদেশ এখন টুর্নামেন্ট শেষ করতে চায় অন্তত সপ্তম হয়ে।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ জাপানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। মাত্র দুই মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে যুবারা। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে জাপান। তাতে ৩-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে মেহেদী একটি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু জাপানের আক্রমণ থামেনি। এই কোয়ার্টারেই আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় জাপান।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে মুন্না বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন। তবে ততক্ষণে ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
গ্রুপ পর্বে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। চার ম্যাচে একমাত্র জয়টি এসেছে কাজাখস্তানের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর ফল আশানুরূপ না হওয়ায় কোয়ার্টার ফাইনালের পর স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে।
জুনিয়র এশিয়া কাপ থেকে শীর্ষ ছয়টি দল আগামী বছর জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গতবারের আসরে ষষ্ঠ হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।