
চায়নিজ তাইপেকে হারানোর এক দিন পর আজ শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। ৬ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
একসময় এই শ্রীলঙ্কাকেই বলেকয়ে হারিয়েছে বাংলাদেশ। আগের পাঁচবারের দেখায় জয় পেয়েছে সবকটিতে। কিন্তু আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ১-১ স্কোরে শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় শ্রীলঙ্কা। একের পর এক আক্রমণে দ্বিতীয় গোল আদায় করে নেয়। ১৬ মিনিটে শ্রীলঙ্কাকে এগিয়ে দেওয়া গোলটি করেন কুশল উইরাপ্পুলি।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টায় একটু তেড়েফুঁড়ে আক্রমণ করে বাংলাদেশ। ৩১ থেকে ৩৬—এই ছয় মিনিটে দুটি পেনাল্টি কর্নার পেলেও গোল আর বাড়েনি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে প্রতিপক্ষের চোখে চোখ রেখেই লড়েছে বাংলাদেশ। কিন্তু এক গোল দেওয়ার আগেই তৃতীয় গোলটা হজম করে ফেলে। এই কোয়ার্টারে বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম।
বাছাইয়ে নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল। এ বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর।
এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।