আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ

সাক্ষাৎকারে আলভারেজ

‘এমন দেশের হয়ে খেলি, যারা ফুটবলে বাঁচে, ফুটবলে নিশ্বাস নেয়’

২০২২ বিশ্বকাপে হুলিয়ান আলভারেজ ছিলেন আর্জেন্টিনা দলের বিকল্প ফরোয়ার্ড। কিন্তু প্রথম দুই ম্যাচের পরই বদলে যায় দৃশ্যপট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেয়ে এমনই ঝলক দেখান যে, এরপর ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণভাগে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন। দুয়ারে এখন কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। সম্প্রতি আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিধারী আলভারেজ ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে জুন-জুলাইয়ের বিশ্বকাপ সামনে রেখে নিজের এবং দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন।

প্রশ্ন

লাওতারো মার্তিনেজের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করাটা কেমন?

আলভারেজ: আমরা প্রতিদ্বন্দ্বী, তবে একসঙ্গেও খেলতে পারি, আর সেটি আমার জন্য আনন্দের। যখনই আমরা একসঙ্গে মাঠে নেমেছি, ভালো খেলেছি। আবার যখন আমাদের একজন সুযোগ পায়, তখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা দলের জন্য ভালোটাই চাই। এই ভেতরের প্রতিযোগিতা আমাদের দুজনকেই প্রতিদিন আরও উন্নতি করতে সাহায্য করে। সব সময়ই এমন হওয়া উচিত। কারণ, শক্তিশালী ও ইতিবাচক প্রতিযোগিতা থাকলে সবাই আরও ভালো হয়ে ওঠে, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

প্রশ্ন

আর্জেন্টিনার লক্ষ্য কী?

আলভারেজ: আর্জেন্টাইন হিসেবে আমাদের মধ্যে সব সময়ই শিরোপা জয়ের স্বপ্ন ও উত্তেজনা কাজ করে। এবারও ভিন্ন কিছু ভাবার কোনো কারণ নেই। আমরা ফাইনালে উঠতে চাই। আমরা জানি, কাজটা সহজ হবে না। এতে আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে। অনেক কিছুর মীমাংসা হতে পারে খুব সূক্ষ্ম ব্যবধানেও। আমরা যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এগোতে চাই। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এই বিশ্বকাপে নামা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। আমি ভীষণ গর্বিত। অবশ্যই আমরা শিরোপা ধরে রাখতে চাই এবং আবারও আমাদের মানুষদের আনন্দে ভাসাতে চাই।

প্রশ্ন

কাতার বিশ্বকাপে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি?

আলভারেজ: আমি মেক্সিকো ম্যাচটাকেই বেছে নেব। আমার মনে হয় সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এর পর থেকে অনেক কিছু বদলে যেতে শুরু করে। পাশাপাশি এই ম্যাচের আগের পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। সেটা আমাদের জন্য সত্যিকারের টার্নিং পয়েন্ট ছিল। ওই মুহূর্ত থেকেই সবকিছু গুছিয়ে আসতে শুরু করে এবং আমরা বুঝতে পারি, এখন আমাদের ভাগ্য পুরোপুরি আমাদের নিজের হাতেই।

আবারও আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় হুলিয়ান আলভারেজ
প্রশ্ন

আপনি কি মনে করেন, বিশ্বকাপ ধরে রাখতে পারলে এই আর্জেন্টিনা দলটি ইতিহাসের সেরা জাতীয় দল হিসেবে বিবেচিত হবে?

আলভারেজ: যদি আমরা বিশ্বকাপ ধরে রাখতে পারি, তাহলে সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ, আমরা টানা বিশ্বচ্যাম্পিয়ন হব, পাশাপাশি দুবার কোপা আমেরিকাও জিতেছি। কয়েক বছর ধরে আমাদের দেশের জন্য এটা সত্যিই এক স্বর্ণযুগ। আমরা চাই এই দারুণ মুহূর্তগুলো আরও উপভোগ করতে, যা আমাদের সবাইকে অনেক আনন্দ দেয়।

প্রশ্ন

এটি লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। একজন দলীয় সতীর্থ হিসেবে তার প্রভাবকে আপনি কীভাবে দেখেন?

আলভারেজ: আমরা পুরোপুরি সচেতন যে বয়স বিবেচনায় এটি লিওর শেষ বিশ্বকাপও হতে পারে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। এটি অবশ্যই একটি বিশেষ বিশ্বকাপ হবে। শুধু আমাদের জন্য বা আর্জেন্টিনার মানুষের জন্য নয়, বরং যারা তাকে অনুসরণ করে, সবার জন্যই। কারণ, সে সর্বকালের সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই সে বিশ্বজুড়ে বিশাল প্রভাব ফেলেছে।

প্রশ্ন

এখন কি মাঠে নামার সময় নিজের ওপর আরও বেশি দায়িত্ব অনুভব করেন?

আলভারেজ: যখন আপনি আর্জেন্টিনার জার্সি পরেন, তখন আপনি এমন এক দেশের প্রতিনিধিত্ব করেন, যারা ফুটবলে বাঁচে এবং নিশ্বাস নেয়। তাদের সেই আবেগকে ধারণ করে এই জার্সি পরা আমার জন্য গর্বের বিষয়। এটা অবশ্যই একটি দায়িত্বও বটে, কিন্তু আমরা সবাই তা ভালোবাসা ও আবেগ নিয়েই লালন করি।

প্রশ্ন

২০২২ সালের পর খেলোয়াড় হিসেবে কতটা বদলেছেন?

আলভারেজ: আমি বলব না যে ২০২২ সালের পর থেকে আমার খেলার স্টাইলে খুব বড় পরিবর্তন এসেছে। তবে আমি কিছু নতুন বিষয় শিখেছি এবং নির্দিষ্ট কিছু দিক উন্নত করেছি। গত কয়েক বছরে অনেক ম্যাচ খেলার কারণে এখন আমার অভিজ্ঞতা অনেক বেড়েছে। সবচেয়ে বড় কথা, এই জার্সি পরলে একটা বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজে থেকেই আরও ভালো হয়ে ওঠেন, যদিও সেটা সব সময় টেরও পাওয়া যায় না।