দল গঠনে অনিয়মের অভিযোগ এনে রমনা টেনিস কমপ্লেক্সের বাইরে ছয় খেলোয়াড়ের অভিভাবক বিক্ষোভ প্রদর্শন করেন আজ
দল গঠনে অনিয়মের অভিযোগ এনে রমনা টেনিস কমপ্লেক্সের বাইরে ছয় খেলোয়াড়ের অভিভাবক বিক্ষোভ প্রদর্শন করেন আজ

টেনিসে বিতর্ক: দল গঠনে অনিয়মের অভিযোগ

ঢাকার রমনা টেনিস কমপ্লেক্সে ১৬ মে শুরু হচ্ছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ৩১ খেলায়াড় অংশ নিচ্ছে এতে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। টুর্নামেন্ট উপলক্ষে আজ টেনিস ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনেও দল গঠনের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন হয়েছে বেশি।
সংবাদ সম্মেলন চলাকালে রমনা টেনিস কমপ্লেক্সের বাইরে দল গঠনে অনিয়মের অভিযোগ এনে ছয় খেলোয়াড়ের অভিভাবক বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদমাধ্যমকে তাঁরা লিখিতভাবেও অভিযোগগুলো জানান।

অভিভাবকদের অভিযোগ, দল গঠনে মানা হয়নি স্বচ্ছ প্রক্রিয়া। সর্বশেষ অনূর্ধ্ব-১২ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী আকাশ হোসেনকে দলে নেওয়া হয়নি। গত জুনিয়র ওয়ার্ল্ড টেনিস-৩–এর দুটিতে প্রতিযোগিতার দ্বৈতে চ্যাম্পিয়ন ও এককে সেমিফাইনালিস্ট জারিফ মোহাম্মদ ভূঁইয়ার বাবা ও সদ্য গঠিত টেনিস খেলোয়াড় অভিভাবক ফোরামের সদস্যসচিব জহিরুল আলম ভূঁইয়া বলেন, ‘কোনো বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে দল গঠন করেনি তারা। দল গঠনে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছে। দল নির্বাচন করতে হবে টুর্নামেন্টের আগে কোনো প্রতিযোগিতার মাধ্যমে। সেটা হয়নি।’

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান


ওদিকে টেনিস ফেডারেশনের নির্বাচক কমিটির প্রধান ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন, দল গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না, ‘দল নির্বাচনের বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।’ তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ হায়দার দাবি করলেন, ‘এটা সঠিক নয়। নির্বাচক কমিটির প্রধান দল নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতেই দল নির্বাচন করা হয়েছে।’


ছেলেদের দলে তিন সদস্যের মধ্যে মোহাম্মদ হায়দার সাধারণ সম্পাদকের ছেলে। রাকিন রহমান সাধারণ সম্পাদকের বন্ধুর ছেলে। তিন সদস্যের নারী দলের সদস্য হুমায়রা হায়দার সাধারণ সম্পাদকের কন্যা ও মালিহা চৌধুরী তাঁর শ্যালিকার মেয়ে। টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ আলমের মেয়ে মাস্তুরা আফরিনও আছেন দলে।

আজ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতার সংবাদ সম্মেলন


তবে দল গঠনে কোনো অনিয়ম হয়নি দাবি করে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘আমাদের বরাবরের রীতি, দল গঠিত হয় সর্বশেষ জাতীয় প্রতিযোগিতার ফলের ভিত্তিতে। সে অনুযায়ীই গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিজয় দিবস জাতীয় টেনিস টুর্নামেন্টে দুই বিভাগের সেরা তিনজনকে আমরা নিয়েছি।’ যদিও অভিভাবক জহিরুল আলম ভূঁইয়া তা মানছেন না, ‘তাঁকে (সাধারণ সম্পাদক) তো আগে থেকে বলতে হবে, ডিসেম্বরের ফল দেখে দল নির্বাচন হবে। সবকিছু উনি করেন ওনার নিজের সুবিধা অনুযায়ী।’


ফেডারেশন থেকে গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিজয় দিবস টুর্নামেন্টের যে ফলাফল দেওয়া হয়েছে, তাতে অবশ্য দেখা যায়, সাধারণ সম্পাদকের মেয়ে তাঁর বিভাগে চ্যাম্পিয়ন, ছেলে রানারআপ। শ্যালিকার মেয়ে খেলেছে সেমিফাইনালে। রাকিন রহমানও ছিল সেমিফাইনালিস্ট। অন্য দুই সেমিফাইনালিস্টের বয়স বেশি হয়ে যাওয়ায় তাদের বাদ দিয়ে মালিহা ও রাকিনকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
অভিভাবক ফোরামের সদস্যসচিবের অবশ্য দাবি, রাকিন নাকি সর্বশেষ বিজয় দিবস টুর্নামেন্টে খেলেইনি! তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ আলম বলেছেন, ‘টুর্নামেন্টের সময় রেফারির সই করা যে ড্র শিট পেয়েছি, তাতে রাকিনের নাম আছে। রাকিন ওই টুর্নামেন্টে খেলেছে।’